স্থানীয় বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজের বহরে আগামী দুই বছরের মধ্যে ইন-ফ্লাইট বিনোদন ও যোগাযোগ সুবিধাসংবলিত পাঁচটি নতুন বিমান যোগ হবে। আর এই সংস্থার বিমান নতুন ১৩টি আন্তর্জাতিক গন্তব্যে চলাচল করবে।
প্রতিষ্ঠানটি ১৬৬ আসনের তিনটি ও ২৬৫ আসনের দুটি বোয়িং বিমান ক্রয়ে প্রায় ৮০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা হাতে নিয়েছে। এর ফলে তাদের মাসিক ফ্লাইট সংখ্যা ৭০০টিতে উন্নীত হবে। আর নতুন গন্তব্যগুলোর মধ্যে রয়েছে নেপাল, দোহা, মাসকাট, আবুধাবি, রিয়াদ, জেদ্দা, বাহরাইন, ভারতের গোয়া ও মালয়েশিয়ার জোহর বাহরু প্রভৃতি। বেসরকারি বিমান সংস্থাটির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের একটি রেস্তোরাঁয় গতকাল শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এর ব্যবস্থাপনা পরিচালক মাসরুফ হাবিব। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা স্যাম আইজ্যাক, বিক্রয়প্রধান ইরফান হক, বিক্রয় ও বিপণন উপমহাব্যবস্থাপক শুভ্র কান্তি সেন শর্মা প্রমুখ।