রিজেন্ট এয়ারের ঢাকা-ব্যাংকক ফ্লাইট চালু
ঢাকা-ব্যাংকক-ঢাকা গন্তব্যে আন্তর্জাতিক ফ্লাইট চালু করেছে দেশের বেসরকারি বিমান পরিবহন সংস্থা রিজেন্ট এয়ারওয়েজ।
রিজেন্ট এয়ারের ব্যবস্থাপক (ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন) ফাহ্দ-উজ-জামান চৌধুরী প্রথম আলোকে বলেন, সপ্তাহে চার দিন—প্রতি রবি, সোম, বুধ ও শুক্রবার ঢাকা-ব্যাংকক-ঢাকা ফ্লাইট পরিচালনা করবে। যাত্রীরা এই গন্তব্যে ফিরতি ফ্লাইটসহ ইকোনমি ক্লাসের টিকিট ২০ হাজার ৭০৭ টাকা এবং বিজনেস ক্লাসের টিকিট ৩৫ হাজার ৪৮৭ টাকায় ক্রয় করতে পারবেন। এজেন্ট, নিজস্ব অফিস ও ওয়েবসাইট (www.flyregent.com) থেকে টিকিট কেনা যাবে।
ব্যাংকক ফ্লাইট উদ্বোধন উপলক্ষে গতকাল সকালে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী ফারুক খান। উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদ হোসেন, রিজেন্ট এয়ারের ব্যবস্থাপনা পরিচালক মাশরুফ হাবিব, প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল মোমেন প্রমুখ।