রিজেন্ট এয়ারের নতুন গন্তব্য ওমানের মাসকাট
দেশীয় বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজ আগামী ৭ এপ্রিল থেকে ঢাকা ও চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যের দেশ ওমানের রাজধানী মাসকাটে উড্ডয়ন শুরু করবে।
প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, রিজেন্টের উড়োজাহাজ শুরুতে প্রতি মঙ্গল, বৃহস্পতি, শুক্র ও রোববার সন্ধ্যা সোয়া সাতটায় ঢাকা থেকে ছেড়ে চট্টগ্রাম যাবে। পরে রাত সাড়ে আটটায় চট্টগ্রাম থেকে ছেড়ে মাসকাটে পৌঁছাবে স্থানীয় সময় রাত পৌনে ১২টায়। আর মাসকাট থেকে স্থানীয় সময় রাত পৌনে একটায় যাত্রা শুরু করে সকাল সাড়ে সাতটায় চট্টগ্রামে এবং সেখান থেকে পৌনে নয়টায় ঢাকায় অবতরণ করবে ফিরতি ফ্লাইট।
ঢাকা-মাসকাট পথে রিজেন্ট এয়ারের একমুখী ভাড়া ২০ হাজার ৫৬৫ টাকা ও দ্বিমুখী ভাড়া ৩৯ হাজার ৪৭৮ টাকা। আর চট্টগ্রাম-মাসকাটের ভাড়া যথাক্রমে ১৯ হাজার ৫ ও ৩৯ হাজার ২৪৪ টাকা। অন্যদিকে মাসকাট থেকে ঢাকার একমুখী ভাড়া ৫০ ও দ্বিমুখী ভাড়া ১৩০ ওমানি রিয়াল। আর মাসকাট থেকে চট্টগ্রামের ভাড়া যথাক্রমে ৬০ ও ১৩৫ ওমানি রিয়াল। বিজ্ঞপ্তি।