রিজেন্টের বহরে আরও একটি বোয়িং উড়োজাহাজ

দেশের বেসরকারি বিমান সংস্থা রিজেন্ট এয়ারের বহরে আরও একটি নতুন বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ যুক্ত হয়েছে। ১৬৭ আসনের নতুন এ উড়োজাহাজ দিয়ে নতুন দুটি যাত্রাপথ চালু করা হবে। এ নিয়ে রিজেন্টের বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়িয়েছে ৬টিতে।
গতকাল রোববার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন এ উড়োজাহাজটির উদ্বোধন করেন বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গণি চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন হাবিব গ্রুপের চেয়ারম্যান ইয়াকুব আলী, রিজেন্টের ব্যবস্থাপনা পরিচালক মাসরুফ হাবিব, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লে. জে (অব.) এম ফজলে আকবর প্রমুখ।
এর আগে গত শনিবার নতুন উড়োজাহাজটি সিঙ্গাপুর থেকে ঢাকা বিমানবন্দরে এসে পৌঁছালে ‘ওয়াটার ক্যানন স্যালুট বা জলযান দিয়ে পানি ছিটিয়ে’ এটিকে গ্রহণ করা হয়। রিজেন্ট এয়ারের চেয়ারম্যান ইয়াসিন আলী উড়োজাহাজটি গ্রহণ করেন। এ সময় মাসরুফ হাবিব বলেন, আগামী মাস থেকে কাতারের দোহা ও সৌদি আরবের দাম্মামের পথে উড্ডয়ন শুরু করবে রিজেন্ট। এই দুই পথে নতুন উড়োজাহাজটি সংযুক্ত করা হবে।
হাবিব গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ২০১০ সালের নভেম্বরে দেশে যাত্রা শুরু করে রিজেন্ট এয়ারওয়েজ। বর্তমানে এয়ারওয়েজটির বহরে ৪টি বোয়িং ও ২টি ড্যাশ বিমান রয়েছে। দেশের বিভিন্ন গন্তব্যের পাশাপাশি রিজেন্ট মাসকাট, মালয়েশিয়ার কুয়ালালামপুর, সিঙ্গাপুর, থাইল্যান্ডের ব্যাংকক, ভারতের কলকাতা, নেপালের কাঠমান্ডু পথে নিয়মিত বিমান পরিচালনা করে আসছে। আগামী মাসে যুক্ত হবে আরও দুটি আন্তর্জাতিক গন্তব্য। এ ছাড়া চলতি বছরের মধ্যে চীন, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপসহ পাঁচটি নতুন পথে বিমান পরিচালনার পরিকল্পনার কথা জানান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী এম ফজলে আকবর।