শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার ধারণ-সংক্রান্ত সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনা ও ২সিসি ধারা চ্যালেঞ্জ করে দায়ের করা সব রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। গত ২১ মে এ-সংক্রান্ত মোট তিনটি এবং এর এক মাস পর আরও পাঁচটি রিট খারিজ করেন উচ্চ আদালত। রিটগুলো খারিজ হলেও এ বিষয়ে এখনো এসইসির পক্ষ থেকে কোনো ঘোষণা আসেনি।এ বিষয়ে জানার জন্য এসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেন ও সদস্য (আইন) আবদুস সালাম সিকদারের সঙ্গে আজ দুপুরে যোগাযোগের চেষ্টা করলে উভয়েই ব্যস্ত আছেন বলে তাঁদের দপ্তর থেকে জানানো হয়।তবে এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, ‘হাইকোর্টের রায়ের ফলে এসইসির আইন বলবত রয়েছে। পরিচালকদের শেয়ার ধারণ-সংক্রান্ত যে গেজেট প্রকাশিত হয়েছিল, সে অনুযায়ী কাজ হবে।’এদিকে গত ২১ মে হাইকোর্ট তিনটি রিট খারিজ করে দেওয়ার পর ২৪ মে এসইসির পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পুঁজিবাজারে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা আনয়নের লক্ষ্যে এবং বিনিয়োগকারীদের স্বার্থে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অধ্যাদেশ ১৯৯৬-এর ২সিসির প্রদত্ত ক্ষমতাবলে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালকদের তাঁদের নিজ নিজ কোম্পানিতে সম্মিলিতভাবে ৩০ শতাংশ এবং এককভাবে দুই শতাংশ শেয়ার ধারণ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন গত ২২ নভেম্বর জারি করে। ওই প্রজ্ঞাপনের বিপরীতে তালিকাভুক্ত কোম্পানির কিছু পরিচালক উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করলে আদালত বিস্তারিত শুনানি শেষে ২১ জুন রিটগুলো খারিজ করে দেন। এর ফলে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের মেয়ার ধারণ-সংক্রান্ত কমিশনের প্রজ্ঞাপনটি বহাল রয়েছে।’এতে আরও বলা হয়, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুগুলো কর্তৃক এই প্রজ্ঞাপন পরিপালন-সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে কমিশন জরুরি ভিত্তিতে তথ্যাদি সংগ্রহ করছে। আদালতের রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর কমিশন তা যথাযথভাবে পরিপালনে দ্রুত পদক্ষেপ নেবে।এ ছাড়া এ-সংক্রান্ত আরও কয়েকটি রিট উচ্চ আদালতে বিচারাধীন, যা দ্রুততম সময়ে নিষ্পত্তির জন্য এসইসি প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।এ দিকে উচ্চ আদালতে পরিচালকদের দায়ের করা রিটগুলো খারিজ হলেও এ বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন বাজারসংশি¬ষ্ট ব্যক্তিরা। এর প্রভাব কিছুটা হলেও আজকের বাজারে দেখা যায় বলে মনে করছেন তাঁরা। বাজারসংশ্লিষ্টরা বলছেন, হাইকোর্টে পরিচালকদের রিট দায়ের কেন্দ্র করে বাজারে এক ধরনের অস্থিরতা সৃষ্টি হয়। এসইসির ২সিসি ধারা চ্যালেঞ্জ করে পরিচালকদের দায়ের করা রিটগুলো গত বৃহস্পতিবার খারিজ হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আশার সঞ্চার হয়। এর প্রভাবে আজ শুরুতেই বাজারে সূচকের বড় ধরনের উত্থান লক্ষ করা যায়। তবে নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে এ বিষয়ে কোনো ঘোষণা না আসায় বিষয়টি বিনিয়োগকারীদের হতাশ করে। এর ফলে সূচক উত্থানের প্রবণতা ধরে রাখতে পারেনি বাজার। আজ লেনদেনের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ১৫০ পয়েন্টের বেশি বাড়লেও দিন শেষে ১২ পয়েন্ট কমে সূচক।এ বিষয়ে ডিএসইর পরিচালক ও র্যাপিড সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হানিফ ভূঁইয়া প্রথম আলো ডটকমকে বলেন, ‘পরিচালকদের শেয়ার ধারনের বিষয়টি যেহেতু আদালত পর্যন্ত গেছে, তাই আমার মনে হয় এসইসির পক্ষ থেকে শিগগিরই কোনো ঘোষণা আসবে।’এ ব্যাপারে শেয়ারবাজার বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবু আহমেদ বলেন, ‘এসইসির পক্ষ থেকে যেকোনো ঘোষণা আসা উচিত ছিল। দেখা যাক দু-একদিনের মধ্যে ঘোষণা আসে কি না।’প্রসঙ্গত, পরিচালকদের শেয়ার ধারণ-সংক্রান্ত বিষয় নিয়ে গত ২২ নভেম্বর একটি নির্দেশনা জারি করে এসইসি। ওই নির্দেশনা অনুযায়ী ছয় মাসের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের সম্মিলিতভাবে ৩০ এবং পরিচালকদের এককভাবে ২ শতাংশ শেয়ার ধারণ করতে হবে। এ ক্ষেত্রে শেয়ার ধারণের জন্য ছয় মাসের সময় বেঁধে দেওয়া হয়, যা গত ২১ মে শেষ হয়।