রিটের জবাবের বিষয়ে সিদ্ধান্ত ১৬ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালকদের শেয়ার ধারণের বিষয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) জারি করা প্রজ্ঞাপন-সম্পর্কিত হাইকোর্টের রুলের জবাব শিগগিরই দেওয়া হবে। ১৬ এপ্রিল দুই স্টক এক্সচেঞ্জের পর্ষদ সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।আজ বুধবার বিকেলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পক্ষ থেকে এক যৌথ ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এর আগে ডিএসইর সভা কক্ষে দুই স্টক এক্সচেঞ্জের নেতারা যৌথ বৈঠক করেন।ব্রিফিংয়ে ডিএসইর সভাপতি রকিবুর রহমান ও সিএসইর সভাপতি আল মারুফ খানসহ দুই স্টক এক্সচেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নেতারা উপস্থিত ছিলেন।ডিএসইর সভাপতি রকিবুর রহমান বলেন, এসইসির ওই নির্দেশনাটি বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সৃষ্টি করেছে। দুই স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে শিগগিরই হাইকোর্টের রুলের জবাব দেওয়া হবে। আইনটি যাতে বলবত্ থাকে সে ব্যাপারে তথ্য ও উপাত্ত হাইকোর্টে উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।সিএসইর সভাপতি আল মারুফ খান বলেন, ‘আমরা আজই হাইকোর্টে রুলের সার্টিফায়েড কপি হাতে পেয়েছি। আইনজীবীদের সঙ্গে আলোচনা করে ১৬ এপ্রিল পৃথকভাবে দুই স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে পর্ষদ সভার মাধ্যমে হাইকোর্টের রুলের জবাব দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’এ ছাড়া আজকের যৌথ সভায় করপোরেট গভর্নেন্স শক্তিশালীকরণ, কোম্পানির আর্থিক প্রতিবেদনে নিরীক্ষকদের ভূমিকা, লেনদেনের সময় কমিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে বলে ব্রিফিংয়ে জানানো হয়।প্রসঙ্গত, গত রোববার পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালকদের এককভাবে কমপক্ষে শতকরা দুই ভাগ শেয়ার ধারণের বিষয়ে এসইসির জারি করা প্রজ্ঞাপনকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।অর্থসচিব, বাণিজ্যসচিব, এসইসি চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মের রেজিস্ট্রার, ডিএসই ও সিএসইকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।