রিপাবলিক ইনস্যুরেন্সের শেয়ার লভ্যাংশ ও রাইট শেয়ার ঘোষণা
রিপাবলিক ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০১১ সালের ৩১ ডিসেম্বর সময়কাল পর্যন্ত ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। একই সঙ্গে পরিচালনা পর্ষদ শেয়ারধারীদের এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনক্রমে প্রতি ১০ টাকার শেয়ারের বিপরীতে একটি করে রাইট শেয়ারও ঘোষণা করেছে; যার ইস্যুকৃত মূল্য ১৫ টাকা। আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত খবরে বলা হয়, আগামী ৩১ মে সকাল ১০টায় প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) পুরাতন বিমানবন্দর সড়কে অবস্থিত ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট আগামী ৬ মে। এসইসির অনুমোদন সাপেক্ষে প্রস্তাবিত রাইট শেয়ারের জন্য আরেকটি রেকর্ড ডেট পরবর্তী সময়ে জানানো হবে। গত বছরের ৩১ ডিসেম্বর সময়কাল পর্যন্ত প্রতিষ্ঠানটির কর পরবর্তী প্রকৃত লভ্যাংশ তিন কোটি টাকারও বেশি, শেয়ারপ্রতি আয় ১.৭৩ টাকা এবং প্রতি শেয়ারে প্রকৃত সম্পদ মূল্য ১৩.৬১ টাকা।