রিলায়েন্স গ্রুপে নতুন সিইও
ভারতের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী রিলায়েন্স গ্রুপের জ্বালানি তেল ও গ্যাস বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিয়েছেন অশোক কে বল্লান। এর আগে তিনি পেট্রোনেট এলএনজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেন।
অশোক কে বল্লান বাংলাদেশে রিলায়েন্স গ্রুপের বিভিন্ন বিদ্যুৎ প্রকল্পের বাস্তবায়ন কার্যক্রমের দেখভাল করবেন। বিদ্যুৎ প্রকল্পের জ্বালানি সরবরাহের জন্য তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল ও ক্রয়-প্রক্রিয়া সম্পন্ন করার কাজকর্মও তিনি দেখবেন।
বাংলাদেশে এলএনজিভিত্তিক তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প এবং একটি এলএনজি টার্মিনাল নির্মাণের ঘোষণা দিয়েছে রিলায়েন্স গ্রুপ। এ জন্য ১৮ হাজার কোটি রুপি বা ৩০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে রিলায়েন্স।
অশোক বল্লান ভারতের অন্যতম বৃহৎ গ্যাস কোম্পানি এলএনজি ছাড়াও দেশটির রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল ও গ্যাস কোম্পানি ওএনজিসির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।