রিলায়েন্সের বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রস্তাব অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের মেঘনা ঘাটে ৭৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন গ্যাসচালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করবে ভারতের শীর্ষ শিল্পগোষ্ঠী রিলায়েন্স গ্রুপ। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গত বুধবার এই ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়।

সচিবালয়ে অনুষ্ঠিত ওই সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সভাপতিত্ব করেন। ওই সভায় ১ হাজার ৩৭৬ কোটি টাকা ব্যয়ে ১০টি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মাকসুদুর রহমান পাটোয়ারি সাংবাদিকদের বলেন, মেঘনা ঘাটে ৭৫০ মেগাওয়াটের কেন্দ্র স্থাপন করবে ভারতের রিলায়েন্স গ্রুপ। এই প্রতিষ্ঠানটি পর্যায়ক্রমে দেশে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রস্তাব দিয়েছে। এর মধ্যে প্রাথমিকভাবে মেঘনা ঘাটে ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের অনুমোদন দেওয়া হলো। এই কেন্দ্রের ইউনিটপ্রতি বিদ্যুতের দাম ধরা হয়েছে ৫ দশমিক ৮৪৯৮ টাকা। এ প্রকল্পে খরচ হবে ৮০ হাজার ৯৪৫ কোটি টাকা।

জানা গেছে, বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণে মেঘনা ঘাটে রিলায়েন্স সরকারের কাছে এই এলাকায় ৪০ একর জায়গা চেয়েছে। সরকারের পক্ষে জমি দেবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

গত বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের সময় দেশটির শীর্ষ শিল্পগোষ্ঠী আদানি এবং রিলায়েন্স বাংলাদেশে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রস্তাব দেয়। কারিগরি কমিটির মূল্যায়ন রিপোর্ট না থাকায় ওই সময় রিলায়েন্স গ্রুপের সঙ্গে এই বিষয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়নি। এখন মন্ত্রিসভা কমিটির সভায় অনুমোদনের পর চুক্তি স্বাক্ষর করবে বিদ্যুৎ বিভাগ।

বৈঠকে ২০১৮ শিক্ষাবর্ষে মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন) এবং এসএসসি ভকেশনাল স্তরের বিনা মূল্যে বিতরণযোগ্য পাঠ্যপুস্তক মুদ্রণের লক্ষ্যে ২১ হাজার ৫০০ মেট্রিক টন মুদ্রণ কাগজ ও ২ হাজার ২০০ মেট্রিক টন আর্ট কার্ড কেনার প্রস্তাবও অনুমোদন দেওয়া জয়। এতে ব্যয় হবে ১৬১ কোটি ৯৫ লাখ টাকা।

এ ছাড়া ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় আবাসন পল্লি এলাকায় ৬ ইউনিটবিশিষ্ট ২টি ২০ তলা ভবন ও ১টি ১৬ তলা ভবন নির্মাণে পৃথক ৩টি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে ৫১১ কোটি ৪৭ লাখ টাকা।