রিহ্যাব নির্বাচনে ৬১ জন প্রার্থীর মনোনয়ন বৈধ
দেশের আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) ২০১১-১২ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ৩০ জুলাই অনুষ্ঠিত হবে। নির্বাচনী বোর্ড গতকাল বৃহস্পতিবার প্রাথমিকভাবে বৈধ প্রার্থীদের একটি খসড়া তালিকা প্রকাশ করেছে।রিহ্যাবের নির্বাচনী বোর্ড জানিয়েছে, ২৩টি পদের জন্য ৬৯ জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে যাচাই-বাছাই করে নির্বাচনী বোর্ড ৬১ জনের মনোনয়নপত্র সঠিক বলে ঘোষণা করে। আর এসব প্রার্থীর তালিকা গতকালই রিহ্যাবের নোটিশ বোর্ডে টাঙানো হয়েছে। নির্বাচনী বোর্ড জানিয়েছে, যাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, তাঁরা আজ শুক্রবার থেকে রোববার পর্যন্ত আপিল করতে পারবেন। আপিলের শুনানির পর ১৩ জুলাই প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এ ছাড়া ১৪ থেকে ১৬ জুলাই পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ১৭ জুলাই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং ৩০ জুলাই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।উল্লেখ্য, ২০১০ সালের মার্চ মাসে রিহ্যাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় তা হয়নি। এরপর সাবেক কমিটির সভাপতি পদত্যাগ করলে বর্ধিত মেয়াদে ঐ কমিটির সহ-সভাপতি রিহ্যাবের বর্তমান সভাপতির দায়িত্ব নেন।