রিহ্যাব নির্বাচনের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) নির্বাচনের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট৷ বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক রিট আবেদনের শুনানি নিয়ে গতকাল সোমবার রুলসহ এ আদেশ দেন৷ তফসিল অনুযায়ী ৩১ মে রিহ্যাব নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা৷
গত ৬ মার্চ রিহ্যাব নির্বাচনের (২০১৪-২০১৫) তফসিল ঘোষণা করা হয়৷ পরে ৭ মে ৭৭ জনের প্রার্থী তালিকা প্রকাশ করে৷ তফসিল অনুসারে, ১৪ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের দিন ছিল৷ ওই দিন ৭৭ জনের মধ্যে ৫৬ জনকে বাদ দিয়ে ২১ জনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন বোর্ড৷ ওই তালিকায় বাদ পড়া প্রাসাদ নির্মাণ লিমিটেডের চেয়ারম্যান আবু ইউসুফ মো. আবদুল্লাহ ২২ মে রিট করেন৷
গতকাল আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী এ এম আমিনউদ্দিন ও রাগিব রউফ চৌধুরী৷ রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়৷ শুনানি নিয়ে আদালত রুলও দেন৷
রুলে আবেদনকারীকে বাদ দিয়ে ১৪ মে প্রকাশিত ওই তালিকা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়৷ বাণিজ্যসচিব, পরিচালক (ট্রেড অর্গানাইজেশন) ও নির্বাচন বোর্ডের চেয়ারম্যানসহ ছয় বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে৷
আদেশের বিষয়টি জানিয়ে রাগিব রউফ চৌধুরী প্রথম আলোকে বলেন, রিহ্যাবের কার্যনির্বাহী কমিটিতে ২১টি পদ৷ নির্বাচন ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওই ২১ প্রার্থীকে নির্বাচিত করার অসৎ উদ্দেশ্যে অন্যদের বাদ দেওয়া হয়৷ তাই রিটটি করা হয়৷