রিহ্যাব পাঁচ প্রতিষ্ঠানের সদস্যপদ বাতিল করল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্লট ও ফ্ল্যাটের ক্রেতা এবং ভূমির মালিকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আবাসন খাতের পাঁচ প্রতিষ্ঠানের (ডেভেলপার কোম্পানি) সদস্যপদ বাতিল করেছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব।
এ প্রতিষ্ঠানগুলো হলো গ্রিন ডেল্টা হাউজিং অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড, আরএসএ রিয়েল এস্টেট লিমিটেড, জনতা ডেভেলপমেন্ট অ্যান্ড টেকনোলজিস লিমিটেড, ইন্টিমেট হোম বিল্ডার্স লিমিটেড এবং স্টাইল রিয়েল এস্টেট লিমিটেড।
রিহ্যাবের কার্যনির্বাহী পরিষদের ২১তম সভায় সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে এ পাঁচ আবাসন প্রতিষ্ঠানের সদস্যপদ বাতিল করা হয়। গত সোমবার সন্ধ্যায় রিহ্যাব কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
রিহ্যাব বলছে, সংগঠনের সংঘবিধি মোতাবেক এ প্রতিষ্ঠানগুলোর সদস্যপদ বাতিল করা হয়েছে। রিহ্যাব বলছে, সদস্যপদ বাতিল হওয়ায় এ প্রতিষ্ঠানগুলো রিহ্যাব সদস্যপদসংবলিত সিল, বিলবোর্ড ও বিজ্ঞাপন প্রচার-প্রদর্শন ও ব্যবহার, দেশে-বিদেশে রিহ্যাবের বিভিন্ন মেলায় অংশ নেওয়া, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, পরিদপ্তর ও সংস্থায় রিহ্যাব সদস্য পরিচয়ে সুযোগ-সুবিধা নেওয়া, রিহ্যাবের সুনাম ও সুখ্যাতি ব্যবহারে প্লট-ফ্ল্যাট, বাণিজ্যিক স্পেস বিক্রি, বিভিন্ন অর্থলগ্নীকারী প্রতিষ্ঠান থেকে আর্থিক সুবিধা নেওয়া, রিহ্যাব নির্বাচনে ভোটার হওয়া, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা, রিহ্যাবের বার্ষিক সাধারণ সভাসহ যেকোনো সভায় অংশ নেওয়ার সব ধরনের অধিকার ও সুযোগ পাবে না। রিহ্যাব বলেছে, এ পাঁচ প্রতিষ্ঠানের সদস্যপদ বাতিলের আদেশের অনুলিপি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, রাজউকের চেয়ারম্যান, জাতীয় গৃহায়ণ অধিদপ্তরের চেয়ারম্যান, বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন বিভাগের পরিচালক, যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয়ের নিবন্ধক, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের সভাপতি, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সের চেয়ারম্যান এবং রিহ্যাবের সব সদস্যের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।