রিহ্যাব মেলা ২০ মার্চ থেকে
দেশের আবাসন খাতের সবচেয়ে বড় মেলা ‘রিহ্যাব ফেয়ার ২০১৪’ শুরু হচ্ছে আগামী ২০ মার্চ। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে পাঁচ দিনের এ মেলা অনুষ্ঠিত হবে।
মেলা উপলক্ষে গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে মেলার আয়োজক রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।
সংবাদ সম্মেলনে রিহ্যাবের সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান জানান, আবাসন ব্যবসায়ীদের ২২ হাজার ৫৭২টি ফ্ল্যাট এখন অবিক্রীত অবস্থায় পড়ে আছে। এর আর্থিক মূল্য ২১ হাজার ৫০৬ কোটি ৩৬ লাখ ৭৫ হাজার ১১১ টাকা।
এর আগে লিখিত বক্তব্য উপস্থাপনকালে ওয়াহিদুজ্জামান বলেন, প্রতিবছর নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে মেলাটি অনুষ্ঠিত হলেও রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে এবার তা সম্ভব হয়নি।
রিহ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি এবং মেলা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আব্দুর রশীদ বলেন, ‘গত দুই বছর ধরে আবাসন খাতে মন্দা চলছে। গত বছরের রাজনৈতিক অস্থিরতার প্রভাব এ খাতে পড়েছে। তবে দেশের অর্থনীতি এখন চাঙা হচ্ছে। আশা করি, এ খাতের মন্দাভাবও কেটে যাবে।
মেলায় অননুমোদিত প্রকল্প ঠাঁই পাবে কি না—এমন প্রশ্নের জবাবে আব্দুর রশীদ বলেন, ‘তিন বছর ধরে মেলায় অননুমোদিত প্রকল্প ঠাঁই পায় না। এ বিষয়ে আমরা রাজউকের সঙ্গে যৌথভাবে কাজ করি। ইতিমধ্যে মেলা সম্পর্কে সদস্যদের একটি কোড অব কন্ডাক্ট দেওয়া হয়েছে। তাঁদের নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা যেন মেলায় কোনো অননুমোদিত প্রকল্প না নিয়ে আসে।’
বিভিন্ন আবাসন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্রেতাদের প্রায়ই নানা অভিযোগ দেখা যায়—এমন প্রশ্নের জবাবে আব্দুর রশীদ বলেন, ক্রেতাদের কোনো ক্ষোভ কিংবা বিরোধ থাকলে তাঁরা রিহ্যাবের কাস্টমার কেয়ার ও মেডিয়েশন সেলে যেতে পারেন। ওই সেল কাজ করছে। সম্প্রতি পাঁচটি প্রতিষ্ঠানের সদস্যপদ বাতিল করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের মেলায় ১৫৫টি স্টল থাকছে। এর মধ্যে রিহ্যাব সদস্য ছাড়াও অন্যান্য ১৪টি প্রতিষ্ঠান থাকছে। ৫০ টাকার টিকিট দিয়ে মেলায় একবার আবার ১০০ টাকার টিকিটে বহুবার প্রবেশ করা যাবে। মেলা চলবে ২৪ মার্চ পর্যন্ত।
সংবাদ সম্মেলনে রিহ্যাবের সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, যুগ্ম কোষাধ্যক্ষ আনসার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।