রিহ্যাবের আবাসন মেলা এখন বেশ জমজমাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মঙ্গলবার শুরু হওয়া রিহ্যাব আয়োজিত জমি ও ফ্ল্যাট বিক্রির মেলা জমে উঠেছে। গতকাল বুধবার মেলার দ্বিতীয় দিন সকালের দিকে দর্শক-ক্রেতার ভিড় কম থাকলেও বিকেলে ছিল উপচে পড়া ভিড়।অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো জানায়, মেলায় এবার প্রকৃত ক্রেতারা আসছেন। মধ্যবিত্ত ও উচ্চমধ্যবিত্ত শ্রেণীর ক্রেতারা বেশি আসছেন।তবে অনেকেই স্বীকার করেছেন, ফ্ল্যাটের দাম নিম্নমধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে। নির্মাণসামগ্রীর দাম বৃদ্ধি ও জমির আকাশছোঁয় মূল্যের কারণে নিম্নমধ্যবিত্তরা এখন আর ফ্ল্যাট কিনতে আসছেন না।অন্যদিকে দর্শকেরা বলেছেন, ফ্ল্যাটের দাম অনেক বেশি। আগে যে আয়তনের ফ্লাটগুলো নিম্নমধ্যবিত্তরা কিনত, এখন একই আকারের ফ্ল্যাটটি উচ্চমধ্যবিত্তদের কিনতে হচ্ছে। আবার দামও বেশি দিতে হচ্ছে। অবশ্য মেলায় অনেক প্রতিষ্ঠান থাকায় যাচাই-বাছাই করার সুযোগ বেড়েছে। এ ছাড়া মেলায় ছয়টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থাকা ক্রেতাদের বাড়তি পাওনা।ঢাকা শেরাটন হোটেলে চলছে রিহ্যাব মেলা ২০০৯। আগামী শনিবার পর্যন্ত মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত দর্শক-ক্রেতাদের জন্য খোলা থাকবে। জনপ্রতি প্রবেশমূল্য ৫০ টাকা। তবে পাঁচ দিনের জন্য একবারে ১০০ টাকায় টিকিট মিলবে। মেলা চলবে ১৫ নভেম্বর পর্যন্ত।কনকর্ড: মেলার অন্যতম সহ-আয়োজক কনকর্ডের স্টল থেকে অ্যাপার্টমেন্ট, দোকান বা অফিস স্পেস কিনলেই গাড়ি উপহার দেওয়া হচ্ছে। এ ছাড়াও আসবাব, ডিনারসেটসহ লাখ লাখ টাকার নিশ্চিত উপহার দেওয়া হচ্ছে।প্রতিষ্ঠানের নির্বাহী (বিক্রয় ও বিপণন) মির্জা মোহাম্মদ মমিন হোসেন জানান, রাজধানীর গুলশান, বনানী, ধানমন্ডি, আজিমপুর, হাটখোলা, টিকাটুলি, মতিঝিল, উত্তরা, নিকেতন, মিরপুর প্রভৃতি এলাকার ৩৫টি চলতি অ্যাপার্টমেন্ট ও বাণিজ্যিক প্রকল্প ছাড়াও চট্টগ্রামের খুলশির অ্যাপার্টমেন্ট প্রকল্প প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। এ ছাড়া রাজধানীর খিলখেত এলাকার লেকসিটি প্রকল্প প্রদর্শন চলছে। মেলায় ছাড় দিয়ে অ্যাপার্টমেন্ট, দোকান বা অফিস স্পেস বিক্রি করা হচ্ছে বলে তিনি জানান।শান্তা প্রোপার্টিজ: রিহ্যাব আবাসন মেলায় শান্তা প্রোপার্টিজের স্টলে প্রধান আকর্ষণ পরীবাগ ও ইস্কাটনে কন্ডোমনিয়াম প্রকল্প। এখানে সুইমিং পুল, জিমনেসিয়াম, বাচ্চাদের খেলার জায়গাসহ অত্যাধুনিক সুবিধা রয়েছে। পরীবাগ প্রকল্পে প্রায় ১৫০টি ও ইস্কাটনের প্রকল্পে প্রায় ১০০টি ফ্ল্যাট থাকবে। এ ছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় পাঁচটি অ্যাপার্টমেন্ট ও বাণিজ্যিক প্রকল্প প্রদর্শন করা হচ্ছে।প্রতিষ্ঠানের প্রধান পরিচালন কর্মকর্তা শেখ আফতাব আহমেদ বলেন, মূলত গ্রাহকদের সঙ্গে তথ্য আদান-প্রদান করার লক্ষ্যে মেলায় অংশ গ্রহণ করা হয়েছে। দর্শক-ক্রেতাদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। মেলায় কোনো ধরনের মূল্য ছাড় দেওয়া হচ্ছে না।ডোম-ইনো: রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকার ৬৫টি চলতি প্রকল্প নিয়ে মেলায় এসেছে ডোম-ইনো। প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন সহকারী ব্যবস্থাপক (বিক্রয়) মো. মনিরুল ইসলাম শাহীন বলেন, মেলায় দর্শক-ক্রেতাদের বেশ ভালো সাড়া পাওয়া যাচ্ছে। মেলায় নিম্নমধ্যবিত্ত থেকে উচ্চমধ্যবিত্ত শ্রেণীর সব ধরনের ক্রেতাই আসছেন। মেলায় প্রতি বর্গফুট সর্বনিম্ন পাঁচ হাজার টাকা দরে বিক্রি করছেন বলে তিনি জানান।বিটিআই: বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেডের (বিটিআই) স্টল থেকে অ্যাপার্টমেন্ট বুকিং দিলে ক্রেতা পাচ্ছেন একটি হীরার আংটি উপহার।প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক কাজী জুবায়েদ বলেন, এবার মেলায় ৩৫টি অ্যাপার্টমেন্ট ও দুটি বাণিজ্যিকসহ অ্যাপার্টমেন্ট প্রকল্প প্রদর্শন করা হচ্ছে। এর মধ্যে ১৪টি প্রকল্প একেবারে নতুন।তিনি আরও জানান, মধ্যবিত্তদের উপযোগী আবাসন প্রকল্প প্রগতি সরণিতে গ্রহণ করা হয়েছে। এটি তিন বছরের মধ্যে শেষ করা হবে। মেলায় বেশ ভালো সাড়া পাওয়া গেছে। মেলায় বুকিং মানি মোট মূল্যের ১০ শতাংশ।মেট্রো হোমস: এবারের মেট্রো হোমস লিমিটেড মেলায় ঢাকা ও চট্টগ্রামের মোট ৩০টি চলতি প্রকল্প এবং ১০-১২টি প্রস্তাবিত প্রকল্প প্রদর্শন করছে।প্রতিষ্ঠানের সহকারী মহাব্যবস্থাপক এম মহিউদ্দিন আহমেদ জানান, তাঁরা মেলায় নিম্নমধ্যবিত্ত থেকে উচ্চমধ্যবিত্তদের জন্য অ্যাপার্টমেন্ট নিয়ে এসেছেন। মিরপুর, মোহাম্মদপুর ও উত্তরার বেশ কিছু রেডি ফ্ল্যাট মেলায় আনা হয়েছে। ২০ লাখ টাকা থেকে এক কোটি টাকার দামের ফ্ল্যাট প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। রেডি ফ্ল্যাট (মিরপুর) মেলায় বুকিং দিলে প্রকল্প ভেদে কিছুটা মূল্য ছাড় দেওয়া হচ্ছে।এনা প্রোপার্টিজ: রাজধানীর গুলশান, উত্তরা, ধানমন্ডি, কলাবাগান, পান্থপথ, শুক্রাবাদসহ বিভিন্ন এলাকার ২৮টি অ্যাপার্টমেন্ট প্রকল্প ও দুটি বাণিজ্যিক প্রকল্প নিয়ে মেলায় স্টল সাজিয়েছে এনা প্রোপার্টিজ।প্রতিষ্ঠানের ব্যবস্থাপক সালেহ মো. শরিফুল আলম জানান, মেলায় মধ্যবিত্ত, উচ্চমধ্যবিত্ত ও উচ্চবিত্তদের উপযোগী ফ্ল্যাট প্রদর্শন করা হচ্ছে। মেলায় তাত্ক্ষণিক বুকিং দিলে মূল্যে পাঁচ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। দর্শক-ক্রেতাদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছেন বলেও জানান তিনি।সপ্তক গৃহায়ণ: সপ্তক গৃহায়ণ লিমিটেড রাজধানীর ধানমন্ডি, লালমাটিয়া, বনানী, আদাবরসহ বিভিন্ন এলাকার আটটি চলতি প্রকল্প প্রদর্শন করছে। মেলায় নির্ধারিত মূল্যের চেয়ে কিছুটা ছাড় দেওয়া হচ্ছে বলে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক (উন্নয়ন) মো. মনজুরুল ইসলাম জানান। তিনি আরও জানান, মেলায় ফ্ল্যাটের প্রতিবর্গফুট সর্বনিম্ন দর পাঁচ হাজার ২০০ টাকা।নগর হোমস: রিহ্যাব মেলায় নগর হোমস রাজধানীর বিভিন্ন এলাকার ৮১টি চলতি প্রকল্প প্রদর্শন ও বিক্রি করছে। প্রতিষ্ঠানের সহকারী ব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) মো. আবির হোসেন জানান, মেলায় মধ্যবিত্ত ও উচ্চমধ্যবিত্ত শ্রেণীর ক্রেতা বেশি আসছেন। এবারের মেলায় বেশ ভালো সাড়া পাওয়া যাচ্ছে। মেলায় মোট মূল্যের ৩০ শতাংশ অর্থ দিয়ে বুকিং দিলে ক্রেতাদের মূল্য ছাড় দেওয়া হচ্ছে।