রিহ্যাবের আবাসন মেলা বুধবার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিহ্যাবের পাঁচ দিনব্যাপী শীতকালীন আবাসন মেলা বুধবার শুরু হবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এবারের মেলায় ১৫০টি স্টল থাকবে। এর মধ্যে ১১৩টি রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ও বাকিগুলো এ শিল্পের বিভিন্ন উপ খাতের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্টল।
আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আবাসন মেলার বিস্তারিত জানান রিহ্যাব নেতারা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জ্যেষ্ঠ সহসভাপতি রবিউল হক। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া, যুগ্ম সম্পাদক শাকিল কামাল চৌধুরী, কোষাধ্যক্ষ সরদার মো. আমিন প্রমুখ।
এবারের মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো যাতে কোনো অনুমোদনহীন প্রকল্প প্রদর্শন ও বিক্রয় করতে না পারে, এ জন্য রিহ্যাব ও রাজউকের সমন্বয়ে একটি পর্যবেক্ষণ দল থাকবে। এ ছাড়া মেলার বিভিন্ন স্টলে প্রদর্শিত প্রকল্প সম্পর্কে দর্শনার্থী ও ক্রেতাদের জানাতে রিহ্যাবের একটি তথ্যকেন্দ্র থাকবে।
লিখিত বক্তব্যে রবিউল হক বলেন, ‘রিহ্যাবের আবাসন মেলা সাধ ও সাধ্যের মধ্যে মনের মতো ফ্ল্যাট বা প্লট খুঁজে নিতে ক্রেতা সাধারণকে সাহায্য করবে। আমাদের সদস্য প্রতিষ্ঠানগুলোর জন্যও বাণিজ্যিক প্রণোদনা হিসেবে কাজ করবে।’ তিনি জানান, ২০০১ সাল থেকে এখন পর্যন্ত ঢাকায় ১৩টি ও চট্টগ্রামে আটটি আবাসন মেলার আয়োজন করেছে রিহ্যাব। এ ছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দুবাই, রোম, কানাডা ও সিডনিতে আবাসন মেলার আয়োজন করেছে আবাসন ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠন।
রিহ্যাবের এবারের মেলা উদ্বোধন করবেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। ২৪ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন মেলা সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে। মেলায় একবার প্রবেশের জন্য ৫০ টাকা ও একাধিকবার প্রবেশের জন্য ১০০ টাকা মূল্যের টিকিট কাটতে হবে দর্শনার্থীদের।