রিহ্যাবের আবাসন মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিহ্যাব মেলার প্রথম দিনে একটি স্টলে দর্শনার্থীরা, প্রথম আলো
রিহ্যাব মেলার প্রথম দিনে একটি স্টলে দর্শনার্থীরা, প্রথম আলো

আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা রিহ্যাব আয়োজিত পাঁচ দিনব্যাপী মেলা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মেলার উদ্বোধন করা হয়। রিহ্যাবের সাবেক সভাপতি ও বর্তমানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এই মেলার উদ্বোধন করেন।

রিহ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি মোকাররম হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদস্য হেলালউদ্দিন। বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি আবদুর রশীদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন রিহ্যাবের সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বিদ্যুৎ-সংযোগ পেতে গ্রাহকের ভোগান্তি কমাতে ‘ফাস্ট ট্র্যাক’ সেন্টার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই সেন্টার চালু হলে সর্বোচ্চ ৪০ দিনের মধ্যে গ্রাহকের বিদ্যুৎ-সংযোগের বিষয়টি সুরাহা করা হবে। গ্যাসের নতুন সংযোগের বিষয়েও শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে।

সরকারি প্রতিষ্ঠান রাজউকের বিরুদ্ধে নিজেই অভিযোগ উত্থাপন করে তার সমাধান দাবি করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘আমার নিজের এলাকা কেরানীগঞ্জে রাজউকের অনুমোদন ছাড়াই ভবন তৈরি হচ্ছে। অথচ এটি রাজউকের অধিভুক্ত এলাকা। তাই ভবন তৈরির পর কোনো ভবনকে অবৈধ বলবেন না, ভবন তৈরি হওয়ার আগে নজরদারি বাড়ান।’ ভবন নির্মাণের নকশা অনুমোদনের জন্য মাসের পর মাস রাজউক অফিসে ঘুরতে হয় বলেও তিনি অভিযোগ করেন।

সভাপতির বক্তব্যে মোকাররম হোসেন খান  আবাসন খাতকে শিল্প খাত ঘোষণার দাবি জানান।

আয়োজকেরা জানিয়েছেন, ২৪ মার্চ পর্যন্ত এই মেলা চলবে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। এবারের মেলায় মোট ১৫৫টি স্টল রয়েছে। এর মধ্যে বিভিন্ন নির্মাণসামগ্রী ও অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানের স্টল রয়েছে ১৪টি।