রিহ্যাবের আবাসন মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রিহ্যাব সামার ফেয়ার’-এ ক্রেতা-দর্শকের আনাগোনা থাকলেও বেশির ভাগই বিভিন্ন আবাসন প্রতিষ্ঠানের পুস্তিকা (ব্রশিউর) ও প্রচারপত্র নাড়াচাড়া নিয়েই ব্যস্ত ছিলেন। কেউ কেউ ফ্ল্যাট বুকিং দিলেও অনেকে ফ্ল্যাটে গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ আছে কি না, সে বিষয়ে খবরাখবর নিয়েছেন। কেউ বলেছেন, ধীরে-সুস্থে যাচাই-বাছাই করছেন। সব ঠিকঠাক থাকলে বুকিং দেবেন। রাজধানীর রূপসী বাংলা হোটেলে গতকাল বুধবার তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের সহসভাপতি মো. হেলাল উদ্দীন। সভাপতিত্ব করেন রিহ্যাবের সভাপতি সাংসদ নসরুল হামিদ।বিকেলে শান্তিনগর থেকে ফ্ল্যাটের খোঁজ নিতে এসেছেন ব্যবসায়ী আবদুর রাজ্জাক দম্পতি। বললেন, প্রতিবছরই ভাবেন, এবার একটা ফ্ল্যাট নেবেন। কিন্তু হয় না। এবার জোর চেষ্টা করছেন যদি গ্যাস, বিদ্যুতের সংযোগ থাকে, তবে বুকিং দিয়েই দেবেন।ফ্ল্যাটের প্রতি অনেকের আগ্রহ থাকলেও প্লট বুকিং দেওয়ার বিষয়ে অনাগ্রহী বেশির ভাগ ক্রেতা। এ বিষয়ে তাঁদের মধ্যে আগের তুলনায় সচেতনতাও লক্ষ করা যায়। একজন ক্রেতা আবদুল হক বলেন, প্রকল্পের অনুমোদন নেই, অথচ প্লট বিক্রি হচ্ছে। এমনকি শিগগির প্লট বুঝিয়ে দেওয়ার আশাও দেওয়া হচ্ছে। তাঁর মতো অনেকেই বলেন, প্লট প্রকল্প বন্যাপ্রবণ এলাকায় পড়েছে কি না কিংবা রাজউকের অনুমোদন আছে কি না, বিস্তারিত খবর নিয়ে তারপর সিদ্ধান্ত নেবেন।এদিকে অনেক প্রতিষ্ঠান নিজস্ব স্টলে শুধু ফ্ল্যাট বিক্রির পুস্তিকা বা প্রচারপত্র রাখলেও ক্রেতাদের কাছে জানতে চাচ্ছে, প্লট লাগবে কি না?হামিদ রিয়েল এস্টেটের স্টলে প্রিয় প্রাঙ্গণ প্রকল্পের ফ্ল্যাট বিক্রির প্রচারণা চলছে। প্লটের বিষয়ে জানতে চাইলে একজন কর্মী বলেন, কেরানীগঞ্জে তাঁদের প্লট প্রকল্পের ‘সি’ ব্লকে কিছু প্লট আছে, তবে সে বিষয়ে এখানে আলোচনায় সমস্যা আছে। অফিসে কথা বলতে হবে। অতীতে বিভিন্ন মেলায় রাজউকের তদারক দল থাকলেও গতকাল দেখা যায়নি। প্রসঙ্গত, আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) উদ্যোগে চার দিনব্যাপী এ মেলা হচ্ছে। মেলায় প্রবেশের দুই ধরনের টিকিট রাখা হয়েছে। একবার প্রবেশের জন্য ৫০ টাকা মূল্যের টিকিট এবং অন্যটি ১০০ টাকা মূল্যের টিকিট প্রতিদিন প্রবেশের জন্য। ২৯ জুন পর্যন্ত মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।