রিহ্যাবের আবাসন মেলা শুরু
আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) উদ্যোগে পাঁচ দিন ব্যাপী আবাসন মেলা ‘রিহ্যাব ফেয়ার ২০১২’ শুরু হয়েছে। আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মেলা উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খাঁন। রিহ্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বেলা ১১টা থেকে সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এ ছাড়া আগামী ৬ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এবারের মেলায় মোট ২২০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এর মধ্যে রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার প্রতিষ্ঠান ২১২টি, ভবন নির্মাণ সামগ্রীর প্রতিষ্ঠান ৬টি ও অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান একটি। এছাড়া আবাসন শিল্পের এই মেলায় ১৫টি প্রতিষ্ঠান কো-স্পনসর হিসেবে রয়েছে।এবারের মেলায় ‘মেডিয়েশন অ্যান্ড কাস্টমার সার্ভিস সেলে’র অধীনে একটি তথ্যকেন্দ্র রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এই তথ্য কেন্দ্র থেকে মেলার প্রদর্শিত যে কোনো প্রকল্পের বৈধতা সম্পর্কিত তথ্য সংগ্রহ করতে পারবেন ক্রেতারা। পাঁচ দিনব্যাপী এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রিহ্যাবের জ্যেষ্ঠ সহসভাপতি মোকাররম হোসেন খান। এতে আরও উপস্থিত ছিলেন, রিহ্যাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ভুঁইয়া, মেলা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মো. আব্দুর রহিম খান, রিহ্যাবের কার্যনির্বাহী পরিষদের সহ সভাপতি ও মেলা স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক মো. আব্দুর রশীদ প্রমুখ।