রিহ্যাবের আবাসন মেলা শুরু মঙ্গলবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এখনই বিনিয়োগের সঠিক সময়’ স্লোগানে চার দিনব্যাপী রিহ্যাব সামার ফেয়ার বা গ্রীষ্মকালীন মেলা আগামী মঙ্গলবার শুরু হচ্ছে।
রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় এই মেলায় আবাসন, ভবন নির্মাণসামগ্রী ও আর্থিক প্রতিষ্ঠানের দেড় শতাধিক স্টল থাকছে।
আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এই মেলার আয়োজন করছে। রাজধানীর ধানমন্ডির একটি রেস্তোরাঁয় গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে এই আয়োজনের বিস্তারিত জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন রিহ্যাবের সাধারণ মো. ওয়াহিদুজ্জামান।
মঙ্গলবার সকাল ১০টায় মেলা শুরু হবে। তবে উদ্বোধনী অনুষ্ঠান হবে বিকেল পাঁচটায়। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন মেলাটির উদ্বোধন করবেন। প্রতিদিন মেলা চলবে রাত নয়টা পর্যন্ত। অবশ্য ১২ জুন শেষ দিন সাড়ে নয়টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা প্রাঙ্গণ উন্মুক্ত থাকবে।
দর্শনার্থীদের প্রবেশের জন্য ৫০ ও ১০০ টাকার—দুই ধরনের টিকিট থাকছে। ৫০ টাকার টিকিটে একবার ও ১০০ টাকার টিকিটে চারবার প্রবেশ করা যাবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রিহ্যাবের সহসভাপতি রবিউল হক, লিয়াকত আলী ভূঁইয়া ও আনোয়ারুজ্জামান, কোষাধ্যক্ষ সরদার মো. আমিন, যুগ্ম সম্পাদক শাকিল কামাল চৌধুরী, মেলা কমিটির কো-চেয়ারম্যান সোহরাওয়ার্দী ভূঁইয়া প্রমুখ।