রিহ্যাবের আবাসন মেলার শেষ দিনে আগ্রহ গৃহঋণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের র‍্যাডিসন ব্লু বে ভিউ হোটেলে রিহ্যাব আয়োজিত চার দিনের আবাসন মেলার শেষ দিনে গতকাল ক্রেতা–দর্শনার্থীরা ভিড় করেন l ছবি: প্রথম আলো
চট্টগ্রামের র‍্যাডিসন ব্লু বে ভিউ হোটেলে রিহ্যাব আয়োজিত চার দিনের আবাসন মেলার শেষ দিনে গতকাল ক্রেতা–দর্শনার্থীরা ভিড় করেন l ছবি: প্রথম আলো

নগরের মেহেদীবাগে ১ হাজার ৯০০ বর্গফুটের একটি প্রস্তুত ফ্ল্যাট কেনার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করেছেন পরিবহন ব্যবসায়ী আমিনুল ইসলাম। একসঙ্গে প্রায় ১ কোটি ২৩ লাখ টাকা দামের এ ফ্ল্যাটের মূল্য পরিশোধ করার সামর্থ্য নেই এ ব্যবসায়ীর। এ জন্য গতকাল শনিবার বিকেলে নগরের র্যাডিসন ব্লু বে-ভিউ হোটেলে রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে গৃহঋণের খোঁজখবর নিচ্ছিলেন তিনি।
জানতে চাইলে এ ব্যবসায়ী প্রথম আলোকে বলেন, ‘কম-বেশি সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে গৃহঋণের সুদের হার ৮ দশমিক ৭৫ থেকে ১০ শতাংশের মধ্যে। তবে যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান সবচেয়ে কম সুদে এবং সহজ প্রক্রিয়ায় গৃহঋণ দেবে, সেটিকেই প্রাধান্য দেব।’
চার দিনব্যাপী রিহ্যাব মেলার শেষ দিনে গতকাল শনিবার ক্রেতা-দর্শনার্থীদের আগ্রহ দেখা গেছে গৃহঋণ ও নির্মাণসামগ্রী ঘিরে। মেলায় ৫৪টি আবাসনপ্রতিষ্ঠানের বাইরে এ ধরনের ১৮টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
মেলা ঘুরে দেখা যায়, সিটি ব্যাংকের স্টলে গৃহঋণের খোঁজখবর নিচ্ছিলেন ব্যবসায়ী জুনাইদ ইজদানী। তিনি জানান, সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সর্বোচ্চ ২৫ বছর মেয়াদে সম্পত্তিমূল্যের ৭০ শতাংশ অর্থায়ন করছে। আগের চেয়ে গৃহঋণের সুদের হারও তুলনামূলক কমেছে। তবে গৃহঋণের সুদের হার আরও কম হওয়া উচিত বলে মনে করেন তিনি।
স্টলে থাকা সিটি ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের প্রধান (শাখা ব্যবস্থাপনা) মোহাম্মদ নেয়ামত উল্লাহ প্রথম আলোকে বলেন, বিকেল পর্যন্ত চার দিনে মেলায় ৩৫০ জন গ্রাহক গৃহঋণ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। মেলা শেষে তাঁদের সঙ্গে যোগাযোগ করে ব্যাংকের কর্মীরা গৃহঋণ প্রদানের বিষয়টি চূড়ান্ত করবেন।
সিটি ব্যাংকের মতো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড, লঙ্কাবাংলা ফাইন্যান্স লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড, ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেডের স্টলে ভিড় দেখা গেছে।
গৃহঋণের স্টলের পাশাপাশি শেষ দিনে ক্রেতা-গ্রাহকদের আগ্রহ ছিল ভবন নির্মাণের উপকরণের স্টলেও। ফিরিঙ্গিবাজার এলাকার মৎস্য ব্যবসায়ী সেলিম হক মেলায় ঘুরে দেখছিলেন ভবন নির্মাণের উপকরণের স্টলগুলো। তিনি জানান, ‘ভবন নির্মাণের উপকরণ রডসহ ইস্পাতপণ্য সম্পর্কে খোঁজখবর নেওয়ার জন্য এসেছি। তবে মেলায় এ ধরনের প্রতিষ্ঠানের সংখ্যা কম।’
মেলায় দেখা যায়, ইস্পাতপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান কেএসআরএম স্টিল প্ল্যান্ট লিমিটেডের স্টলে রডসহ ইস্পাতপণ্যের দরদাম যাচাই করছেন গ্রাহকেরা। স্টলে থাকা কর্মীরা পণ্যের মান সম্পর্কে গ্রাহকদের বর্ণনা দিচ্ছিলেন। ক্রেতাদের আস্থা অর্জনে দেশের শীর্ষস্থানীয় যেসব স্থাপনায় কেএসআরএমের পণ্য ব্যবহার হয়েছে সেসব স্থাপনা সম্পর্কে তুলে ধরা হয়েছে স্টলটিতে।
কেএসআরএম স্টিল প্ল্যান্ট লিমিটেডের ব্র্যান্ড বিভাগের কর্মকর্তা মো. মনিরুজ্জামান রিয়াদ প্রথম আলোকে বলেন, মূলত ব্র্যান্ডিং করার জন্যই মেলায় অংশ নিয়েছে কেএসআরএম। কেএসআরএমের পণ্যের গুণগত মানের বিষয়টি তুলে ধরা হচ্ছে গ্রাহকদের কাছে।
মেলায় ‘সেম ইউপিভিসি লিমিটেডের’ স্টলে দেখা যায়, স্টলটি সাজানো হয়েছে ঘরের দরজা বা জানালায় ব্যবহৃত ‘ইউপিভিসি’ কাঠামো দিয়ে। অ্যালুমিনিয়ামের বিকল্প হিসেবে বাসা-বাড়িসহ অফিস ও কারখানায় এই পণ্য ব্যবহারের সুফল গ্রাহকদের কাছে তুলে ধরছিলেন কর্মীরা। বিদেশ থেকে ‘ইউপিভিসি’ পণ্য আমদানি করে চট্টগ্রামের কারখানায় সংযোজনের পর তা বাজারজাত করছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানের প্রধান পরিচলন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ প্রথম আলোকে বলেন, মেলায় ফ্ল্যাট ক্রেতা থেকে শুরু করে আবাসন ব্যবসায়ী কিংবা কারখানা মালিকদের ভালো সাড়া পাওয়া গেছে। ইউপিভিসি অ্যালুমিনিয়ামের চেয়ে টেকসই ও পরিবেশবান্ধব। আলো, শব্দ ও তাপ প্রতিরোধক হওয়ায় ছোট-বড় অবকাঠামোতে এই পণ্যের ব্যবহার বাড়ছে।
এ ছাড়া সিরামিক পণ্য, বৈদ্যুতিক সরঞ্জাম বিপণনকারী প্রতিষ্ঠানের স্টলেও গ্রাহকদের ভিড় দেখা গেছে। মেলার আয়োজক রিহ্যাবের চট্টগ্রাম আঞ্চলিক কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ছুটির দিন
হওয়ায় মেলার শেষ দিন শনিবার ক্রেতা-দর্শনার্থীদের সাড়া ছিল সবচেয়ে বেশি।