রিহ্যাবের গ্রীষ্মকালীন আবাসন মেলা শুরু হচ্ছে বুধবার
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) চার দিনব্যাপী গ্রীষ্মকালীন আবাসন মেলা শুরু হচ্ছে আগামী বুধবার।
রাজধানীর রূপসী বাংলা হোটেলে অনুষ্ঠেয় এই মেলায় ১২৩টি আবাসন প্রতিষ্ঠান তাদের ফ্ল্যাট ও প্লট প্রদর্শন করবে। এর মধ্যে ১২০টি রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার, একটি নির্মাণসামগ্রীর ও দুটি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান।
ঢাকায় জাতীয় প্রেসক্লাবে গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত বছরের মতো এবারও মেলায় একটি তথ্যকেন্দ্র থাকবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান। এতে উপস্থিত ছিলেন রিহ্যাবের মো. আবদুর রশীদ, সরওয়ার্দী ভূঁইয়া, আসাদুর রহমান জোয়ার্দার, মহিউদ্দিন সিকদার, কামরুজ্জামান, এ কে হুমায়ন প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের মেলায় প্রবেশে দুই ধরনের টিকিট থাকবে—একবার প্রবেশের জন্য ৫০ টাকার ও পুরো চার দিনের জন্য ১০০ টাকার। টিকিটের ওপর র্যাফল ড্র হবে। উদ্বোধনী দিন বেলা দুইটা থেকে রাত নয়টা এবং পরের তিন দিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত সর্বসাধারণের জন্য মেলাটি উন্মুক্ত থাকবে।