রিহ্যাবের নির্বাচন চেয়ে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশনের (রিহ্যাব) কার্যনির্বাহী পরিষদের ২০১১-১২ মেয়াদের নির্বাচন দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা। দাবি আদায়ের লক্ষ্যে তাঁরা রাজধানীর রিহ্যাব কার্যালয়ের সামনে গতকাল শনিবার বিকেলে একটি মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন রিহ্যাবের সদস্যদের মধ্যে আহমেদ রিয়াদ মোমেন, সাহেদ মাহমুদ, মো. রেজাউল করিম খান, সৈয়দ পারভেজ রেজা লতিফ, মো. সোয়েব উদ্দিন, আনিসুর রহমান খান প্রমুখ।রিহ্যাবের নেতারা জানান, গত দেড় বছরে দুবার নির্বাচনী তফসিল ঘোষণা, প্রচার, প্রার্থী পরিচিতিসহ নির্বাচনের সব প্রক্রিয়া শেষ হওয়ার পরও নির্বাচন হয়নি। বাণিজ্য মন্ত্রণালয়ের তাগাদা থাকার পরও নির্বাচনের পূর্ব মুহূর্তের আইনি জটিলতায় ও অন্যান্য অযাচিত কারণে নির্বাচন করা যাচ্ছে না। এ জন্য বিগত দেড় বছর ধরে অনির্বাচিত কমিটি দিয়ে রিহ্যাব পরিচালিত হচ্ছে।প্রসঙ্গত, গতকাল শনিবার রিহ্যাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু আদালত নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা জারি করায় গত ২৭ জুলাই রিহ্যাবের নির্বাচনী বোর্ড নির্বাচন আয়োজন স্থগিত করে।রিহ্যাবের সাবেক সাংগঠনিক সম্পাদক এম জি আর নাসির প্রথম আলোকে বলেন, রিহ্যাবের একটা অংশ চায় না নির্বাচন হোক। তাই নানা অজুহাতে বারবার তা পিছিয়ে দেওয়া হচ্ছে।আবাসন ব্যবসায়ীরা শিগগিরই সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।