আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) কার্যনির্বাহী পরিষদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে ২৭ মার্চ। ইতিমধ্যে সংগঠনের নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রণয়ন করা ছাড়াও প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। এছাড়া আগামী ২১ মার্চ নির্বাচন কমিশন একটি প্রার্থী পরিচিতি সভার আয়োজন করবে।রিহ্যাব সূত্রে জানা গেছে, ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে এবার ৫২ জন প্রার্থী হয়েছেন। তবে এবার মূলত দুটি প্যানেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। একটি প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন বর্তমান কমিটির ঊর্ধ্বতন সহসভাপতি ও আওয়ামী লীগ থেকে নির্বাচিত সাংসদ নসরুল হামিদ। অন্য প্যানেলটির নেতৃত্বে রয়েছেন সাবেক সহসভাপতি মোকাররম হুসাইন খান। রিহ্যাবের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রার্থীরা প্রচারণা শুরু করেছেন। গতকাল মঙ্গলবার মোকাররম হুসাইন খান তাঁদের প্যানেলের প্রার্থী চূড়ান্ত করেছেন। আজ বুধবার নসরুল হামিদ তাঁর প্যানেল চূড়ান্ত করবেন। তা ছাড়া প্রত্যেক প্রার্থী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর থেকে সবার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ শুরু করেছেন।খোঁজ নিয়ে জানা গেছে, এই নিয়ে দ্বিতীয়বারের মতো রিহ্যাবে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন হচ্ছে। আর বর্তমান কমিটি প্রথমবারের মতো সরাসরি ভোটে নির্বাচত হয়ে দায়িত্বভার গ্রহণ করে। রিহ্যাব সূত্রে জানা গেছে, আসন্ন ২০১০-১১ মেয়াদের নির্বাচনে ৫৮৮ জন ভোটার ২৭ মার্চ সরাসরি ভোট দিয়ে কার্যনির্বাহী পরিষদের ২১ জন সদস্য নির্বাচিত করবেন। এরপর ২৯ মার্চ কার্যনির্বাহী পরিষদের ২১ জন নিজেদের মধ্য থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা ছাড়াও তিনজন সহসভাপতি, একজন কোষাধ্যক্ষ, সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সম্পাদক ও যুগ্ম কোষাধ্যক্ষ নির্বাচন করবেন। আগামী ৬ এপ্রিল বার্ষিক সাধারণ সভায় নবনির্বাচিত কমিটির নেতারা দায়িত্বভার গ্রহণ করবেন।