রিহ্যাবের নির্বাচনে জটিলতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে কিছুটা জটিলতা দেখা দিয়েছে।গতকাল শনিবার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দিন ধার্য ছিল। কিন্তু গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন দ্বিবার্ষিক এই নির্বাচন অর্নিদিষ্টকালের জন্য স্থগিত করে। একই সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার ও দুই কমিশনার পদত্যাগ করেন।এ অবস্থায় রিহ্যাবের নির্বাচন দ্রুত সম্পন্ন করার জন্য বর্তমান পরিচালনা পর্ষদ সর্বসম্মতিক্রমে ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনকে (এফবিসিসিআই) গতকাল শনিবার একটি চিঠি দিয়েছে। চিঠিতে তারা অবিলম্বে নির্বাচন কমিশন গঠন করে দেওয়ার আবেদন জানিয়েছে।যোগাযোগ করা হলে এফবিসিসিআইয়ের আইন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম রিহ্যাবের কাছ থেকে চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘এফবিসিসিআই থেকে দ্রুত বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘রিহ্যাবের বর্তমান কার্যনির্বাহী পরিষদ জরুরি বৈঠক ডেকে নির্বাচনী বোর্ড পুনর্গঠন করতে পারে। আর পুনর্গঠিত বোর্ড দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন করতে পারে। নির্বাচন কয়েক দিন বিলম্ব হতে পারে মাত্র। তবে আগের কমিশন ইতিমধ্যে নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় আয়োজন শেষ করে গেছে। এখন পুনর্গঠিত কমিশনের কাজ হবে ভোট গ্রহণ করা।’এফবিসিসিআইয়ের কর্মকর্তা আরও বলেন, পুনর্গঠিত বোর্ড নির্বাচন সম্পন্ন করতে গিয়ে যদি বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে যায়, তাহলে বাণিজ্য সংগঠনের পরিচালক (ডিটিও) ইচ্ছে করলে বাণিজ্য সংগঠনের ৮(ক) ধারা অনুসারে কমিটির মেয়াদ কিছুদিন বাড়িয়ে দিতে পারেন।যোগাযোগ করা হলে রিহ্যাবের সভাপতি তানভীরুল হক প্রবাল প্রথম আলোকে বলেন, ‘শেষ মুহূর্তে নির্বাচন স্থগিত হওয়ায় কিছুটা জটিলতা দেখা দিয়েছে। তবে জটিলতা নিরসনে গত শুক্রবারই কার্যনির্বাহী পরিষদের একটি জরুরি বৈঠক করা হয়। বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়ে শনিবার এফবিসিসিআইয়ের কাছে নির্বাচন বোর্ড গঠন করার জন্য আবেদন করা হয়েছে।’রিহ্যাব সূত্রে জানা গেছে, ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে এবার মোট ৫০ জন প্রার্থী হয়েছেন। এই প্রার্থীরা জাগরণ, নবধারা ও পরিবর্তন নামে মোট তিনটি প্যানেলে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।