রিহ্যাবের নির্বাচনের তফসিল ঘোষণা ১৬ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাসন খাতে ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) জানিয়েছে, ১৬ এপ্রিল নির্বাচনের তফসিল ঘোষণা করার পরিকল্পনা গ্রহণ করেছে নির্বাচনী বোর্ড।গত বৃহস্পতিবার রিহ্যাবের সাধারণ সম্পাদক মুরাদ ইকবাল চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। তিনি গৃহায়ণশিল্পের উন্নয়নের স্বার্থে সব সদস্যকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।বিজ্ঞপ্তিতে সম্প্রতি বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত কার্যনির্বাহী পরিষদের কিছু সদস্যের পদত্যাগের সংবাদ ও গৃহায়ণশিল্পের সার্বিক পরিস্থিতি প্রসঙ্গে রিহ্যাবের বক্তব্যও তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, নির্বাচনসংক্রান্ত যাবতীয় বিষয় রিহ্যাব নির্বাচনী বোর্ডের এখতিয়ার। ইতিমধ্যে নির্বাচন আয়োজনসংক্রান্ত সব জটিলতার অবসান হয়েছে এবং রিহ্যাব নির্বাচনী বোর্ডকে সম্ভব স্বল্পতম সময়ে কার্যনির্বাহী পরিষদ কর্তৃক নির্বাচন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে রিহ্যাব নির্বাচনী বোর্ড ৫ এপ্রিল রিহ্যাবের সভাপতির কাছে এক পত্রে জানিয়েছে যে ১৬ এপ্রিল নির্বাচনের তফসিল ঘোষণা করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। রিহ্যাবের সাধারণ সম্পাদক আরও জানিয়েছেন, নির্বাচন আয়োজনসংক্রান্ত জটিলতার বিষয়গুলো এবং নির্বাচন প্রক্রিয়ার ধারাবাহিক পরিস্থিতি সম্পর্কে পদত্যাগকারী সদস্যরা অবহিত ছিলেন।