রিহ্যাবের পাঁচ দিনের আবাসন মেলা বুধবার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবাসন মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে রিহ্যাবের নেতারা l ফোকাস বাংলা
আবাসন মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে রিহ্যাবের নেতারা l ফোকাস বাংলা

আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিহ্যাবের উদ্যোগে পাঁচ দিনব্যাপী শীতকালীন আবাসন মেলা শুরু হবে আগামী বুধবার। ঢাকার শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় এই মেলায় থাকবে ১৫০টি স্টল। এর মধ্যে রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের পাশাপাশি আবাসনশিল্পের বিভিন্ন উপখাতের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্টলও রয়েছে।
মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো যাতে কোনো অনুমোদনহীন প্রকল্প প্রদর্শন ও বিক্রয় করতে না পারে, সে জন্য রিহ্যাব ও রাজউকের সমন্বয়ে একটি পর্যবেক্ষক দল থাকবে মেলা প্রাঙ্গণে। এ ছাড়া মেলার বিভিন্ন স্টলে প্রদর্শিত প্রকল্প সম্পর্কে ক্রেতা-দর্শনার্থীদের চাহিদা অনুযায়ী তথ্য জানাতে রিহ্যাবের নিজস্ব একটি তথ্যকেন্দ্র থাকবে।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে আবাসন মেলার বিস্তারিত জানান এর আয়োজক রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) নেতারা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন রিহ্যাবের জ্যেষ্ঠ সহসভাপতি রবিউল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া, যুগ্ম সম্পাদক শাকিল কামাল চৌধুরী, কোষাধ্যক্ষ সরদার মো. আমিন প্রমুখ।
লিখিত বক্তব্যে রবিউল হক বলেন, ‘রিহ্যাবের আবাসন মেলা ক্রেতাসাধারণকে তাঁদের সাধ ও সাধ্যের মধ্যে মনের মতো ফ্ল্যাট বা প্লট খুঁজে নিতে সাহায্য করবে। আমাদের সদস্য প্রতিষ্ঠানগুলোর জন্যও বাণিজ্যিক প্রণোদনা হিসেবে কাজ করবে।’
রবিউল হক জানান, ২০০১ সাল থেকে এখন পর্যন্ত ঢাকায় ১৩টি ও চট্টগ্রামে আটটি আবাসন মেলার আয়োজন করেছে রিহ্যাব। এ ছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দুবাই, রোম, কানাডা ও সিডনিতে আবাসন মেলার আয়োজন করে থাকে সংগঠনটি।
রিহ্যাবের এবারের মেলা উদ্বোধন করবেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। ২৪ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা খোলা থাকবে।
মেলায় একবার প্রবেশের জন্য ৫০ টাকা ও একাধিকবার প্রবেশের ক্ষেত্রে ১০০ টাকার টিকিট কাটতে হবে। আর এই প্রবেশমূল্য থেকে প্রাপ্ত অর্থ সমাজকল্যাণমূলক কাজে ব্যয় হবে বলে সংবাদ সম্মেলনে জানান রিহ্যাব নেতারা।