রিহ্যাবের মেলায় ৪৮৮ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বুকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিহ্যাবের পাঁচ দিনের আবাসন মেলায় ৫২০টি ফ্ল্যাট ও ১৪৫টি প্লটের বুকিং দিয়েছেন ক্রেতারা। এতে করে ৪৮৮ কোটি ৫০ লাখ টাকার ব্যবসা পেয়েছে মেলায় অংশ নেওয়া আবাসন প্রতিষ্ঠানগুলো। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) গতকাল সোমবার এই হিসাব দিয়েছে।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ আবাসন মেলা বুধবার শুরু হয়। মেলা উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মেলার পাঁচ দিনে ২৪ হাজার ৯২১ জন ক্রেতা-দর্শনার্থী মেলায় আসেন। গত রোববার রাতে মেলা শেষ হয়।
রিহ্যাবের দেওয়া হিসাব অনুযায়ী, মেলায় বুকিং হওয়া ৫২০টি ফ্ল্যাটের বর্তমান বাজারমূল্য ৪১৬ কোটি টাকা। আর ১৪৫টি প্লটের বাজারমূল্য ৭২ কোটি ৫০ লাখ। এ ছাড়া ক্রেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মেলায় অংশ নেওয়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ৯১৭ কোটি টাকা গৃহঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
মেলার শেষ দিন বড়দিন উপলক্ষে ছুটি থাকায় সেদিন দুপুরের পর বিপুলসংখ্যক ক্রেতা-দর্শনার্থী মেলায় আসেন। মেলায় ফ্ল্যাট কিনতে এককালীন মূল্য পরিশোধে বিভিন্ন হারে ছাড় দিয়েছে প্রতিষ্ঠানগুলো। ক্রেতাদের কাছে বরাবরের মতো এবারও ছোট ও মাঝারি আকারের ফ্ল্যাটের চাহিদা ছিল বেশি।
জানতে চাইলে রিহ্যাবের সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া গতকাল প্রথম আলোকে বলেন, ‘সবদিক বিবেচনায় গত তিন-চার বছরের মধ্যে সবচেয়ে সফল মেলা হয়েছে এবার। এবারই প্রথম ক্রেতা-দর্শনার্থীর জন্য মেলার শেষ দিন আমাদের নতুন করে বাড়তি টিকিট ছাপাতে হয়েছে।’