রুগ্ণ শিল্পের ঋণ নিষ্পত্তিতে সুদ মওকুফের নির্দেশনা
সরকার-চিহ্নিত রুগ্ণ শিল্পের ঋণ নিষ্পত্তি বা অবসায়নে ব্যাংকগুলো সুদ মওকুফ সুবিধা দিতে পারবে। বাংলাদেশ ব্যাংক নতুন এ সুযোগ তৈরি করেছে। এ ক্ষেত্রে দায়দেনা পরিশোধের জন্য ঋণগুলোকে ব্লকড হিসেবে স্থানান্তর, বিলম্বে পরিশোধ (মরেটরিয়াম) সুবিধা দেওয়া ও নমনীয় পরিশোধ সূচি তৈরি করা যাবে।
এ সুবিধা পেতে হলে রুগ্ণ শিল্পের মালিকদের আগামী দুই মাসের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকের কাছে আবেদন করতে হবে।
কেন্দ্রীয় ব্যাংক গতকাল রোববার তফসিলি ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের কাছে পাঠানো এক প্রজ্ঞাপনে এ সুযোগের কথা জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, দেশে বিরাজমান রুগ্ণ শিল্পের সমস্যা সমাধানে সরকার বিভিন্ন সময় বেশ কিছু শিল্পপ্রতিষ্ঠানকে রুগ্ণ শিল্প হিসেবে চিহ্নিত করেছে। এর মধ্যে কিছু রুগ্ণ শিল্পের ঋণ হিসাব অবসায়ন বা নিষ্পত্তি করতে ইতিমধ্যেই সরকার প্যাকেজ ঘোষণা করেছে। সেসব শিল্পের ক্ষেত্রে প্যাকেজ অনুযায়ী অবসায়ন বা ঋণ নিষ্পত্তি করতে হবে। তবে সরকার ঘোষিত সুদ ভর্তুকির বিষয়টি সরকারের সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত বেসরকারি ব্যাংকগুলোর জন্য কার্যকর হবে না।
অন্যদিকে, যেসব চিহ্নিত রুগ্ণ শিল্পের জন্য সরকার এখনো কোনো প্যাকেজ বা নির্দেশনা ঘোষণা করেনি কিন্তু সরকার শিল্পগুলোকে চিহ্নিত করেছে, সরকারের প্যাকেজ ঘোষণার আগেই সেই গ্রাহকেরা ঋণ নিষ্পত্তির বিষয়ে আগ্রহী হলে তাঁদের জন্য বাংলাদেশ ব্যাংক এসব নিয়ম অনুসরণ করার পরামর্শ দিয়েছে প্রজ্ঞাপনে।
এ ক্ষেত্রে ব্যাংক বা ব্যাংকের পর্ষদ প্রতিটি ক্ষেত্রে যথার্থতা বিচার করে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ছাড় দিতে পারবে। তবে যেসব রুগ্ণ শিল্পের জন্য সরকারের নানাবিধ সুবিধাসংবলিত প্যাকেজ ঘোষণা করা হবে, সেসব সুবিধা ঋণগ্রহীতা পাবেন।
কেন্দ্রীয় ব্যাংক বলেছে, সরকার চিহ্নিত রুগ্ণ শিল্পগুলোর ক্ষেত্রে অনারোপিত সুদ, সুদ অনিশ্চিত খাতে রক্ষিত সুদ বা স্থগিত সুদ ও দণ্ড সুদ সম্পূর্ণভাবে বা আংশিক মওকুফ করা যেতে পারে। তবে মূল ঋণ এবং মামলা খরচ মওকুফ করা যাবে না।
আর আরোপিত সুদ মওকুফ আবশ্যক হলে তহবিল ব্যয় আদায় নিশ্চিত করে এবং ব্যাংকের আয় খাতে ইতিমধ্যেই যে সুদ যোগ হয়েছে, তা ক্ষতিগ্রস্ত না করে করা যেতে পারে।
বাংলাদেশ ব্যাংক আরও বলেছে, এসব শিল্পে নতুন ঋণ বিতরণের ক্ষেত্রে প্রচলিত এককালীন জমা (ডাউন পেমেন্ট) শিথিলের বিষয়টি পর্ষদ বিবেচনা করতে পারে। এ ক্ষেত্রে সুনির্দিষ্ট শিল্পের ভিত্তিতে (কেস টু কেস) কেন্দ্রীয় ব্যাংকের অনাপত্তি নেওয়া যেতে পারে।