রুগ্ণ শিল্পের সুদ মওকুফ আবেদনের সময় বাড়ল
রুগ্ণ শিল্পের সুদ মওকুফের জন্য ব্যাংকের কাছে আবেদনের সময় আরও দুই মাস বাড়ানো হয়েছে। এর ফলে এ জাতীয় শিল্প প্রতিষ্ঠানের মালিকেরা আগামী ৩ অক্টোবর পর্যন্ত তাঁদের প্রতিষ্ঠানের ব্যাংক ঋণের সুদ মওকুফের জন্য আবেদন করতে পারবেন।
তফসিলি ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের কাছে গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক রুগ্ণ শিল্পের সুদ মওকুফের আবেদন জমা করতে দুই মাস বৃদ্ধির এই নির্দেশ পাঠায়। বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক সময় বাড়ায় বলে জানা গেছে।
রুগ্ণ শিল্পগুলো খেলাপি ঋণের বিপরীতে নির্দিষ্ট হারে এককালীন জমা (ডাউন পেমেন্ট) না দিয়েই ঋণ পুনঃ তফসিলেরও সুযোগ পাবেন।
পাঠানো নির্দেশনাতে বলা হয়েছে, গত জুন মাসে এক প্রজ্ঞাপনে রুগ্ণ বা বন্ধ প্রতিষ্ঠানের সুদ মওকুফ সুবিধা পেতে দুই মাসের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকে আবেদন করতে বলা হয়েছিল। এখন আবেদনের সময় আরও দুই মাস বাড়ানো হলো।