রুগ্ণ ৩১ প্রতিষ্ঠানের সুদ মওকুফ
অবশেষে বস্ত্রবয়ন শিল্পের ৩১টি রুগ্ণ প্রতিষ্ঠান রাষ্ট্রমালিকানাধীন অগ্রণী ব্যাংকের ঋণের সুদ পরিশোধ থেকে মুক্তি (বেইল আউট) পাচ্ছে। উদ্যোক্তাদের এখন শুধু আসল টাকা দিলেই চলবে, কোনো সুদ দিতে হবে না।
রাষ্ট্রমালিকানাধীন অন্য ব্যাংকগুলো আগেই রুগ্ণ শিল্পমালিকদের দায়মুক্তি দিয়েছিল। কিন্তু অর্থ মন্ত্রণালয়ের নির্দেশ সত্ত্বেও অগ্রণী ব্যাংক তা আটকে রেখেছিল অনেকটা জোর করে। এভাবে আটকে রাখার জন্য অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ আবদুল হামিদ ও সাবেক চেয়ারম্যান খন্দকার বজলুল হককে দায়ী করেন রুগ্ণ শিল্পমালিকেরা।
সম্প্রতি অর্থ মন্ত্রণালয় আবারও রুগ্ণ শিল্পমালিকদের সুদ মাফের জন্য অগ্রণী ব্যাংককে নির্দেশ দিয়েছে। সে অনুযায়ী ৩১টি রুগ্ণ প্রতিষ্ঠানের উদ্যোক্তাদের আসল ২৯ কোটি ৫৫ লাখ টাকা ফেরত দিতে হবে। দীর্ঘদিন ধরে পরিশোধ না করা এসব ঋণের বিপরীতে সুদের পরিমাণ দাঁড়িয়েছে পাঁচগুণের বেশি বা ১৫০ কোটি টাকার ওপরে। বিপুল অঙ্কের এই সুদ আর দিতে হবে না।
অগ্রণী ব্যাংকের ঋণ নিয়ে রুগ্ণ হয়ে পড়া প্রতিষ্ঠানগুলোকে দায়মুক্তি দেওয়ার সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বস্ত্রবয়ন শিল্প উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস অ্যান্ড পাওয়ারলুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিএসটিএমপিআইএ)। তবে সরকারি সিদ্ধান্তের আশায় আশায় থেকে এ পর্যন্ত অন্তত আটজন উদ্যোক্তা মারা গেছেন বলেও তাঁরা স্মরণ করেন।
অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ২ জুলাই অগ্রণী ব্যাংককে ৩১টি রুগ্ণ প্রতিষ্ঠানের ঋণ আদায় প্রক্রিয়া শেষ করতে বলেছে। আদেশ জারির দুই মাসের মধ্যে ঋণগ্রহীতাদের আবেদন করতে বলা হয়েছে। ঋণ নেওয়া ব্যক্তিরা ইতিমধ্যে সুদ মাফ পেতে আবেদন করতে শুরু করেছেন।
অর্থ মন্ত্রণালয় সূত্রমতে, নানা সমস্যায় জর্জরিত হয়ে দেশের ১০৮টি বস্ত্রবয়ন খাতের প্রতিষ্ঠান রুগ্ণ হয়ে পড়ে। এর মধ্যে অগ্রণী ব্যাংকের ৩১ ঋণগ্রহীতা বাদে রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডসহ (বিডিবিএল) ঋণদাতা ব্যাংকগুলো অন্যসব প্রতিষ্ঠানকে সুদ মাফ করেছে। এতে ওই সব প্রতিষ্ঠানের দায়দেনা ২০১১ সালেই নিষ্পত্তি হয়।
অগ্রণী ব্যাংক বিষয়টি ঝুলিয়ে রাখার কারণে উদ্যোক্তারা যেমন দায় থেকে মুক্ত হতে পারছিলেন না, তেমনি ব্যাংকটিও ফেরত পাচ্ছিল না তার আসল টাকা।
বিএসটিএমপিআইএর সভাপতি আজিজুল হক প্রথম আলোকে বলেন, ‘বিষয়টির জন্য দায়ী মূলত অগ্রণী ব্যাংকের এমডি সৈয়দ আবদুল হামিদ ও সাবেক চেয়ারম্যান খন্দকার বজলুল হক। তাঁদের একগুঁয়েমি ও স্বেচ্ছাচারিতায় আমরাও ক্ষতিগ্রস্ত, ব্যাংকও ক্ষতিগ্রস্ত।’
আজিজুল হক বলেন, ঋণ ছাড় হলেই ব্যাংকগুলো মনে করে তাদের দায়িত্ব শেষ। অর্থলগ্নিকারী হিসেবে উদ্যোক্তাদের পাশাপাশি ব্যাংককেও সমান দায়িত্বশীল হতে হবে।
এরশাদ সরকারের আমলে দেশে বস্ত্রবয়ন শিল্পের প্রসারে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলো বিভিন্ন উদ্যোক্তাকে ঋণ দেয়। এমনই একজন উদ্যোক্তা সঞ্চিতা সিল্ক মিলসের ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ হোসেন। তিনি অগ্রণী ব্যাংকের ৩১ রুগ্ণ শিল্প উদ্যোক্তার তালিকায় আছেন। ব্যাংকটির কাছে তাঁর মোট দেনার পরিমাণ ৮৫ লাখ টাকা।
ফরহাদ হোসেন জানান, ঢাকার ধামরাইয়ে ১৯৮৬ সালে বস্ত্রবয়ন কারখানাটি চালু করেন তিনি। ৮৮-এর বন্যায় কারখানা ডুবে গেলে এরপর আর তা চালু করতে পারেননি তিনি। ১৯৯২ সালেই সরকার তাঁর কারখানাটিকে রুগ্ণ শিল্প হিসেবে তালিকাভুক্ত করে।
উদ্যোক্তাদের দাবি, বন্যা বা প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি যথাসময়ে ঋণ অনুমোদন না করা, উৎপাদন ব্যয় বৃদ্ধি, গ্যাস-বিদ্যুতের সংকট, বন্দর ও অবকাঠামোগত সমস্যা প্রভৃতি কারণে তাঁদের প্রতিষ্ঠানগুলো রুগ্ণ হয়ে পড়ে। রুগ্ণ শিল্পের সুরক্ষায় বাংলাদেশে কোনো আইন না থাকাও আরেকটি বড় কারণ বলে মনে করেন তাঁরা।
এ বিষয়ে অগ্রণী ব্যাংকের এমডি সৈয়দ আবদুল হামিদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। খুদে বার্তা পাঠালেও জবাব দেননি তিনি।