রুপির দরপতন ঠেকাতে আরবিআইয়ের হস্তক্ষেপ
মার্কিন ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রা রুপির দরপতন ঠেকাতে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) হস্তক্ষেপ করেছে।রাষ্ট্রীয় মালিকানাধীন শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর মাধ্যমে মঙ্গলবার বৈদেশিক মুদ্রাবাজারে ডলার সরবরাহ তথা বিক্রি করে রুপির পতন রোধে এ পদক্ষেপ নেয় ভারতের কেন্দ্রীয় ব্যাংক।ওই দিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির বিনিময় হার কমে এযাবৎকালের সর্বনিম্ন পর্যায়ে পড়ে যাওয়ার রেকর্ড হয়। প্রতি ডলার ৫৮ দশমিক ৯৮ রুপিতে কেনাবেচা হয়। তবে এ দর দাঁড়ায় ৫৮ দশমিক ৩৯ রুপি।গতকাল বুধবার অবশ্য রুপির মান খানিকটা বৃদ্ধি পায়। এদিন প্রতি ডলারের বিনিময় হার দাঁড়ায় ৫৮ দশমিক ১২ পয়সায়। এর আগে সোমবার রুপির দর কমে গত এক বছরের সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। ওই দিন তা প্রথমে ৫৭ দশমিক ৫৭ রুপিতে ও পরে ৫৮ দশমিক ১৫ রুপিতে নেমে যায়, যা গত বছরের ২৮ জুন ৫৭ দশমিক ৩২ রুপিতে নেমেছিল।অর্থনীতিবিদ ও বিশ্লেষকেরা মনে করেন, কয়েকটি কারণে ডলারের বিপরীতে রুপির রেকর্ড দরপতন ঘটে। প্রথমত, যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান বৃদ্ধির খবরে সব মুদ্রার বিপরীতে ডলারের দর বাড়ায় তাতে রুপির ওপরও চাপ পড়ে। দ্বিতীয়ত, আমদানি খাতে, বিশেষ করে প্রচুর পরিমাণে সোনা আমদানির পেছনে ডলারের চাহিদা বেড়ে যাওয়ায় রুপির বিনিময় হার কমে। তৃতীয়, শেয়ারবাজারের দুর্বলতা ও মোট দেশজ উৎপাদনে প্রবৃদ্ধি হ্রাস পাওয়ায় রুপির দরপতন ত্বরান্বিত হয়। সূত্র: ইন্টারনেট।