রুপির বড় দরপতন সহায়ক হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় একটি পোশাক কারখানায় কাজ করছেন একজন শ্রমিক
ভারতীয় একটি পোশাক কারখানায় কাজ করছেন একজন শ্রমিক

ডলারের বিপরীতে রুপির বড় দরপতন এবং বাংলাদেশের পোশাকশিল্পে বর্তমান সংকটের কারণে ভারতের পোশাক রপ্তানিকারকেরা উৎসাহ পাচ্ছেন। তাঁরা মনে করছেন, এই দুই কারণে বাংলাদেশের তৈরি পোশাকের বাজার ধরার সুযোগ তৈরি হয়েছে ভারতের।বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদন গত মঙ্গলবার এমন তথ্যই দিয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। সম্প্রতি দেশটিতে একাধিক নেতিবাচক ঘটনার পর শ্রমিকদের কর্মপরিবেশ নিয়ে প্রশ্ন উঠেছে। এরপর অনেক বিদেশি ব্র্যান্ডই বাংলাদেশ থেকে অন্য দেশে চলে যাওয়ার চেষ্টা করছে।আর এই সুযোগেই বিদেশি ক্রেতাদের ভারতে পোশাক তৈরির কার্যাদেশ দেওয়ার জন্য দৃষ্টি আকর্ষণে কাজ করছেন দেশটির পোশাক রপ্তানিকারকেরা। এ ক্ষেত্রে ডলারের বিপরীতে রুপির বড় দপতনকে ভারতীয়দের বিশেষভাবে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।এদিকে চলতি ২০১৩-১৪ অর্থবছরে ভারত এক হাজার ৭০০ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। গত অর্থবছর এই খাতের রপ্তানির আয় ছিল এক হাজার ৪০০ কোটি ডলার।ভারতের পোশাক প্রস্তুতকারক সমিতির (সিএমএআই) সভাপতি রাহুল মেহতা বলেছেন, ‘আমি মনে করি, এক হাজার ৭০০ কোটি ডলারের পোশাক রপ্তানি আয় করা সম্ভব।’ আগামী ১ জুলাই থেকে শুরু হওয়া ন্যাশনাল গার্মেন্ট ফেয়ার নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।রাহুল মেহতা জানান, চলতি অর্থবছরের প্রথম দুই মাস অর্থাৎ এপ্রিল-মে মাসে ২৩০ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে ভারত। গত অর্থবছর একই সময়ে ২০০ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সহসভাপতি মোহাম্মদ হাতেম প্রথম আলোকে বলেন, ‘রুপির দরপতনে ভারতীয় রপ্তানিকারকেরা এখন সুবিধা পেলেও তা দিয়ে বাংলাদেশের বা অন্যের বাজার ধরা যাবে না। তবে বাংলাদেশের পোশাক খাতে এখন যে সংকট চলছে, সেটার কারণে ভারতীয়রা কিছুটা বাজার ধরতে পারে। অবশ্য এটি হবে সাময়িক। আর ক্রেতারা দলে দলে বাংলাদেশ ত্যাগ করবে না।

মোহাম্মদ হাতেম আরও বলেন, ‘পোশাক খাতের সংকট কাটাতে সরকার ও শিল্পোদ্যোক্তারা নানা ধরনের ইতিবাচক পদক্ষেপ নিচ্ছেন। ফলে ভাবমূর্তির সাময়িক সংকট কেটে যাবে। রাজনৈতিক অস্থিরতায় হয়তো আরও কয়েক মাস ভুগতে হতে পারে। কিন্তু আমাদের বাজার দীর্ঘ মেয়াদে আমাদেরই থাকবে।