রুবল-পাউন্ডের দরপতনে বাধাগ্রস্ত চিংড়ি রপ্তানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডলারের বিপরীতে গত ছয় মাসে রাশিয়ার মুদ্রা রুবলের দরপতন হয়েছে ৬৭ শতাংশ। আর পাউন্ডের দরপতন ঘটেছে ৪২ শতাংশ। এই দুইয়ের কারণে চিংড়ি রপ্তানি থেকে আয় কমে গেছে।
ফলে চিংড়ি রপ্তানি করে রপ্তানিকারকেরা আগে যত বৈদেশিক মুদ্রা আয় করতেন, এখন তা অনেক কমে গেছে। এ অবস্থায় চলমান রাজনৈতিক সংকট নিরসন না হলে এবং মুদ্রার দরপতন অব্যাহত থাকলে হিমায়িত খাদ্য রপ্তানিতে ধস নামার আশঙ্কা করছেন রপ্তানিকারকেরা।
চিংড়ি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএফইএ) সংবাদ সম্মেলন করে এসব জানিয়েছে। ঢাকার বিজয় সরণিতে সংগঠনের কার্যালয়ে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংগঠনের নবনির্বাচিত সভাপতি এস এম আমজাদ হোসেন ও জ্যেষ্ঠ সহসভাপতি গোলাম মোস্তফা বক্তব্য দেন।
লিখিত বক্তব্যে আমজাদ হোসেন বলেন, সবচেয়ে বড় বাজার ইউরোপে গত আগস্টে প্রতি পাউন্ড চিংড়ির মূল্য ছিল ৯ দশমিক ১৭ ডলার, যা এখন নেমেছে ৫ দশমিক ২৫ ডলারে। ছয় মাসে রুবলের দরপতন হয়েছে ৬৭ শতাংশ। ফলে রাশিয়ায় রপ্তানি নেই বললেই চলে। আন্তর্জাতিক বাজার ধরে রাখতে কম মূল্যে চিংড়ি রপ্তানি করতে বাধ্য হচ্ছেন তাঁরা।
বিএফএফইএর তথ্য অনুযায়ী, গত ডিসেম্বরে যেখানে ৪ কোটি ৭৭ লাখ ডলারের (৪ হাজার ৭৭৭ টন) চিংড়ি রপ্তানি হয়, জানুয়ারিতে তা নেমে দাঁড়িয়েছে ৩ কোটি ৫৬ লাখ ডলারে (৩ হাজার ৩৬১ টন)।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে রপ্তানিকারকদের কাছে ১ হাজার ৫০০ কোটি টাকার চিংড়ি মজুত রয়েছে। মুদ্রার দরপতনের কারণে এর চেয়ে ৪০ শতাংশ কম দামে তা রপ্তানি করতে হচ্ছে এবং হবে। এতে লোকসান হবে ৬০০ কোটি টাকা। এ অবস্থায় রপ্তানিকারকেরা তারল্যসংকটে পড়তে যাচ্ছে। এই সংকট নিরসনে সুদমুক্ত ব্লক অ্যাকাউন্টে ৬০০ কোটি টাকা রেখে এ খাতে ঋণ দেওয়ার দাবি করেন তিনি।
এক প্রশ্নের জবাবে বিএফএফইএর সভাপতি বলেন, রপ্তানির জন্য চুক্তি আগেই হয়ে থাকে। কিন্তু পণ্যটা তৈরি হয়ে গেলে আমদানিকারক এলসি দেয়। এখন তারা এলসি দিচ্ছে না। যারা এলসি দিচ্ছে, তারাও আগের দাম দিতে চাইছে না। তাই ক্রেতারা যে দাম দেয়, তাতেই রপ্তানি করতে হচ্ছে। তাঁর দাবি, গত দুই মাসে দুই-তৃতীয়াংশ কার্যাদেশ বাতিল হয়েছে।
সংবাদ সম্মেলনে হিয়ামিত চিংড়ি রপ্তানি খাতে নগদ সহায়তা ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা, এ খাতের বিতরণ করা সব মেয়াদি ঋণের কিস্তি পরিশোধের সময় আট বছর নির্ধারণ ও সুদমুক্ত রেখে ত্রৈমাসিক কিস্তিতে পরিশোধের জন্য পুনঃ তফসিল করার ব্যবস্থা, ঋণ পরিশোধে ব্যর্থ হলে শ্রেণীকরণ তিন মাসের পরিবর্তে ছয় মাসে করার দাবিও জানানো হয়েছে।