রুশ খরা ও কানাডীয় বন্যায় গমের বাজারে অনিশ্চয়তা
ভলগা অঞ্চলে খরায় গমের খেত পুড়লে গঙ্গা অঞ্চলের বাজারে আগুন লাগে—এই তো মুক্তবাজারের বিশ্বায়ন। বছরে ৪০ লাখ টন আটা-ময়দার চাহিদা মেটাতে প্রয়োজনীয় গমের প্রায় তিন-চতুর্থাংশই আমদানি করতে হয় বাংলাদেশকে। তাই শীর্ষ রপ্তানিকারক দেশ রাশিয়া ও ইউক্রেনের উৎপাদন-সংকট বিশ্বের অনেক দেশের মতো স্থানীয় বাজারে নেতিবাচক প্রভাব ফেলবে, এটাই স্বাভাবিক।গমের বিশ্ববাজারটি টালমাটাল হয়েছে চার থেকে পাঁচ সপ্তাহ ধরে। প্রথমে দুঃসংবাদ আসে, প্রচণ্ড খরায় বিশ্বের তৃতীয় বৃহত্তম গম রপ্তানিকারক দেশ রাশিয়ার উৎপাদন ব্যাপক কমবে। সর্বশেষ শুক্রবার দেশটির প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ নিজেই তাঁর দেশ থেকে খাদ্যশস্য রপ্তানি বন্ধ ঘোষণা করেছেন। তিনি বলেছেন, অক্টোবর-ডিসেম্বরে গম কাটা মৌসুমটি পুরোপুরি না দেখে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার জো নেই।মূলত রাশিয়ার খারাপ খবরেই জুনের প্রথম সপ্তাহ থেকে আগস্টের প্রথম সপ্তাহ—এ দুই মাসেই আন্তর্জাতিক বাজারে গমের দাম বেড়ে গেছে ৫০ শতাংশের বেশি। মাত্র কয়েক মাস আগেই যে ব্ল্যাক সি জাতের গম প্রতি টন ১৬০ ডলারে নেমেছিল, গত সপ্তাহের শেষে তা ২৫০ ডলারের কাছাকাছি পৌঁছেছে। ইউক্রেন এখনো রপ্তানি বন্ধ করেনি। তবে কৃষক পর্যায়েই এত দাম বেড়েছে যে সেখানকার রপ্তানিকারকেরা চুক্তি বাতিল করতে শুরু করছেন। রয়টার্স খবর দিয়েছে, বাংলাদেশের আমদানিকারকদের সঙ্গে মোট ৬৫ হাজার টন ব্ল্যাক সি গম দেওয়ার দুটি চুক্তি বাতিল হয়েছে। ২০০৯-১০ অর্থবছরে বাংলাদেশ ৩২ লাখ টন গম আমদানি করেছিল। এর কমপক্ষে ২০ লাখ টনই ব্ল্যাক সি, যার বেশির ভাগ আবার এসেছে ইউক্রেন ও রাশিয়া থেকে। ব্ল্যাক সি গমের মান একটু খারাপ হলেও, দাম অনেক কম। ফলে বাংলাদেশে যাঁরা প্যাকেটজাত আটা-ময়দা বিক্রি করেন, তাঁরাও এ গম ভালো জাতের কানাডীয় ও অস্ট্রেলীয় গমের সঙ্গে মিশিয়ে ভাঙান।ওদিকে কানাডার খবরও ভালো নয়। সেখানে ঘটেছে উল্টো ঘটনা। অতিবৃষ্টি আর কোথাও কোথাও বন্যার কারণে দেশটিতে গমের চাষ বিঘ্নিত হয়েছে। সেখানের উৎপাদন গতবারের চেয়ে কম হবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির কৃষি বিভাগ। অবশ্য তারা রপ্তানি বন্ধ করেনি বা কমানোর কোনো ইঙ্গিতও নেই। তবে দাম বেড়ে গেছে সেখানেও। পৌনে ৩০০ ডলারের নিচে বিক্রি হওয়া প্রতি টন কানাডীয় গম সাড়ে ৩০০ ডলারের কাছাকাছি পৌঁছেছে গত সপ্তাহ শেষে। ব্ল্যাক সি জাতের উৎপাদন মার খাওয়াটা ব্যাপক হওয়ায় বিশ্বে এর মজুদের কাছাকাছি পূর্বাভাসও ভালো নয়। এফএও সর্বশেষ জুলাই আউটলুকে চলতি ২০১০-২০১১ বিপণন মৌসুমের মজুদ প্রাক্কলন জুন থেকে আড়াই কোটি টন কমিয়ে ২৫ কোটি ১০ লাখ টনে নামিয়ে এনেছে। ব্ল্যাক সি-সংকট বিশ্ববাজারে কালো মেঘই ডেকে এনেছে, তা বেশ স্পষ্ট। বেসরকারি খাতে বাণিজ্যিক ভিত্তিকে ভারত থেকে গম রপ্তানিও বন্ধ। আর হলেও দাম হবে বেশ চড়া। গত সপ্তাহে এক প্রতিবেদনে জানা যায়, ভারতীয় গমের এফওবি মূল্যই প্রতি টন পড়বে এখন ৩২০ মার্কিন ডলার।তবে সব দিকে দাম বাড়লেও গমের রপ্তানি বাজার শূন্য হবে না। কারণ, বিশ্বের এক নম্বর গম রপ্তানিকারক মার্কিন যুক্তরাষ্ট্রের ফলন পূর্বাভাস বেশ ভালো। বিগত দুই-তিন বছর খরায় ভোগা অস্ট্রেলিয়ার মজুদ ও ফলনের পূর্বাভাসও ভালো। এ দুই উৎসের সঙ্গেই বাংলাদেশি আমদানিকারকদের ভালো যোগাযোগ আছে। ছোট ও মাঝারি রপ্তানি সূত্র হিসেবে আরও অনেক দেশ থেকেই গমের রপ্তানি অব্যাহত থাকবে, এটা নিশ্চিত করেই বলা যায়।এখন যা দরকার তাহলো, এই স্পর্শকাতর পরিস্থিতিতে বেসরকারি খাতকে সাহস ও শক্তি জোগানো, যাতে তারা সর্বোচ্চ সংগ্রহ প্রচেষ্টা অব্যাহত রাখে। সরকারকেও বিদেশ থেকে গম কেনা ও মজুদে আরও জোর দিতে হবে। গমের বাজার তেতে ওঠার পাশাপাশি বিশ্ববাজারে পড়ে যাওয়া চালের দরও নড়েচড়ে উঠেছে। চাল আমদানিও দ্রুত করতে হবে। দাম কম থাকতে থাকতে চাল আমদানি না করলে কী হতে পারে, তা অবশ্য এবার টের পেতেই হবে আমাদের। কারণ আটার দাম চালের কাছাকছি চলে গেলে চালের কিছু বাড়তি চাহিদা সৃষ্টি হয়। ফলে চালের দাম আর পড়ে না, বরং তা চড়তে থাকে।পুনশ্চ: গমের বাজারটি যে রাশিয়ার উৎপাদন সংকটেই হয়েছে তাই শুধু নয়, কয়েক মাস ধরে দাম কম থাকায় বিশ্বজুড়ে আর্থিক বাজারের তহবিল ব্যবস্থাপকদের দৃষ্টি ছিল গমে। তাঁদের কেনা আছে অনেক মজুদ। যদি এসব তহবিল ব্যবস্থাপক ও ব্যাংকিং প্রতিষ্ঠান তাদের বেশি মজুদকে ঝুঁকি মনে করে আরও মুনাফার লোভ বাদ দিয়ে মজুদ ছাড়া শুরু করে দেয়, তবে দাম পড়া শুরুও হতে পারে বলে মনে করছেন পণ্যবাজার বিশ্লেষকেরা। তাঁরা আরও বলেছেন, আর যাই হোক, এবার ২০০৭-০৮ বিপণন বর্ষের মতো আকাশ ছুঁবে না গম, যখন টনপ্রতি ব্ল্যাক সি গম বিক্রি হয়েছিল সাড়ে ৩০০ ডলারে আর কানাডীয় গম অতিক্রম করেছিল সাড়ে ৪০০ ডলার।