রুশ জুস কোম্পানি কিনবে পেপসি
রাশিয়ার ডেইরি এবং ফ্রুট জুস প্রস্তুতকারক প্রতিষ্ঠান উইম-বিল-ড্যানের ৬৬ শতাংশ সম্পদ কিনতে যাচ্ছে কোমল পানীয় প্রস্তুতকারক কোম্পানি পেপসিকো। ৩৮০ কোটি ডলারের বিনিময়ে পেপসি ওই শেয়ার কিনবে বলে জানানো হয়েছে। রাশিয়ায় জ্বালানি খাতের বাইরে এটাই সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগ। পেপসি জানিয়েছে, প্রাথমিক চুক্তি শেষ হলে তারা উইম-বিল-ড্যানের অবশিষ্ট শেয়ারও কিনতে আগ্রহী। পেপসিকোর ইউরোপ অঞ্চলের কর্মকর্তা জেইন আবদাল্লা বলেন, উইম-বিল-ড্যানের ব্যবসার অনেক সুযোগ রয়েছে।পেপসিকোর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এই বিনিয়োগের ফলে পেপসিকো রাশিয়ায় সবচেয়ে বড় ফুড ও বেভারেজ কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হবে। এটি দেশটির প্রধান দ্রুত বর্ধনশীল ডেইরির স্বীকৃতি পাওয়ার পাশাপাশি পূর্ব ইউরোপ এবং মধ্য এশিয়ার বাজারেও তা পৌঁছে যাবে।পেপসিকোর পক্ষ থেকে আরও জানানো হয়, এই বিনিয়োগে তাদের বার্ষিক রাজস্ব প্রায় ১৩০ কোটি ডলার বাড়বে। এর ফলে ২০২০ সালের মধ্যে পোপসিকো তিন হাজার কোটি ডলারের বাণিজ্যের লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে। —বিবিসি।