রুশ শেয়ার, রুবলের দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মস্কো স্টক এক্সচেঞ্জে বাজারের গতি-প্রকৃতি দেখছেন একজন বিনিয়োগকারী
মস্কো স্টক এক্সচেঞ্জে বাজারের গতি-প্রকৃতি দেখছেন একজন বিনিয়োগকারী

ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ বলতে গেলে রাশিয়ার দখলে চলে গেছে। যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্য শক্তিগুলোর হুঁশিয়ারি অগ্রাহ্য করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রিমিয়ায় রুশ সেনা পাঠিয়ে দিয়েছেন।
এখন ইউক্রেনের সঙ্গে রাশিয়ার কার্যত যুদ্ধাবস্থা বিরাজ করছে, যার নেতিবাচক প্রভাব পড়েছে বিশ্ববাজারে। যেসব বহুজাতিক কোম্পানি রাশিয়া ও ইউক্রেনে বিনিয়োগ করেছিল, সেসব কোম্পানির শেয়ারদর গতকাল নিম্নমুখী হয়ে পড়েছে।
সবচেয়ে বেশি টালমাটাল অবস্থা জ্বালানি খাতের প্রতিষ্ঠানগুলোর। ব্রিটিশ পেট্রোলিয়াম ১০ বছর ধরে রাশিয়ার অন্যতম বৃহৎ তেল উৎপাদক প্রতিষ্ঠান টিএনকে-বিপির অর্ধেকের অংশীদার ছিল। ২০১২ সালে বিপি তার অংশ বিক্রি করে দেয় রোসনেফটের কাছে। গতকাল লন্ডনের বাজারে বিপির শেয়ারদর ২ দশমিক ৩০ শতাংশ কমেছে। খোদ গাজপ্রমের শেয়ারদর ১০ শতাংশ কমে গেছে গতকালই।
রাশিয়ার শেয়ারবাজারের গতকালের বিপর্যয় আরও প্রলম্বিত হতে পারে বলে মনে করছেন অনেকে। গতকাল ইউরোপের শেয়ার ও মুদ্রাবাজারেও এর নেতিবাচক প্রভাব পড়েছে।
এদিকে ধুঁকতে থাকা রাশিয়ার মুদ্রা রুবলের সুবাদে মূল্যস্ফীতি ও আর্থিক খাতের অস্থিরতা ঠেকাতে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক গতকালই সুদের হার বাড়িয়ে দিয়েছে।
গতকাল বিশ্ব মুদ্রাবাজারে রুবলের প্রায় ৩ শতাংশ দরপতন হয়ে দর গিয়ে ঠেকে প্রতি ডলারে ৩৬ দশমিক ৯০ রুবলে।
ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বাধলে রাশিয়া আন্তর্জাতিক আর্থিক নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে—এই আশঙ্কায় বিদেশিরা রুবল ছেড়ে দিচ্ছে।
অর্থনীতিবিদেরা বলছেন, এমনিতেই রাশিয়ার অর্থনীতির একটা খারাপ সময় যাচ্ছে। এ অবস্থায় যুদ্ধে জড়িয়ে পড়লে রাশিয়া দীর্ঘমেয়াদি মন্দার মধ্যে পতিত হতে পারে। সূত্র: এফটি।