বিইআইয়ের সেমিনারে মন্ত্রী, সচিব ও বিশেষজ্ঞদের অভিমত
রূপকল্প বাস্তবায়নে মোবাইল ফোনের ভূমিকা অপরিহার্য
রূপকল্প ২০২১ বাস্তবায়ন এবং ডিজিটাল বাংলাদেশ গড়তে ইন্টারনেটের ব্যবহার বাড়ানো জরুরি। মুঠোফোন অপারেটর কোম্পানিগুলো এ ব্যাপারে ভূমিকা রাখতে পারে।রাজধানীর একটি হোটেলে গতকাল মঙ্গলবার বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) আয়োজিত ‘দেশের টেলিযোগাযোগ খাতের ভবিষ্যৎ এবং রূপকল্প ২০২১ বাস্তবায়নে এর অবদান’ শীর্ষক সেমিনারে বক্তারা এই অভিমত দিয়েছেন। সেমিনারে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন। এতে সম্মানিত অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ এবং বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদ।বিইআইয়ের প্রেসিডেন্ট ফারুক সোবহানের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান সুনীলকান্তি বোস এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসচিব নজরুল ইসলাম খান। এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে তথ্যপ্রযুক্তি খাতের গবেষণা সংস্থা হিসেবে পরিচিত লার্ন এশিয়ার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রোহান সামারাজিভা এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বক্তব্য দেন অ্যাসোসিয়েশন অব মোবাইল ফোন অপারেটর অব বাংলাদেশের (অ্যামটব) চেয়ারম্যান মিশেল কোহেনার।মূল প্রবন্ধে বলা হয়, পুরো দেশকে ইন্টারনেটের আওতায় আনতে হলে এই খাতে আরও বিনিয়োগ দরকার। বেসরকারি মোবাইল ফোন কোম্পানিগুলোকে দ্রুততম সময়ের মধ্যে তৃতীয় প্রজন্ম (থ্রিজি) ও চতুর্থ প্রজন্মের (ফোরজি) লাইসেন্স দিলে অনেক কোম্পানি এই খাতে বিনিয়োগ করবে।বাংলাদেশের মোট রাজস্ব আয়ের প্রায় ৯ শতাংশ মোবাইল ফোন খাত থেকে এলেও করহারের দিক থেকে অনেক অনিশ্চয়তা রয়েছে বলে প্রবন্ধে উল্লেখ করা হয়। ইন্টারনেটের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে মোবাইল ফোন কোম্পানিগুলোকে ব্যবহার করা গেলে ২০২১ সালের আগেই বাংলাদেশ তার লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে বলে মনে করেন রোহান সামারাজিভা।সাহারা খাতুন বলেন, বেসরকারি কোম্পানিগুলোকে থ্রিজি লাইসেন্স দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে উল্লেখ করেন তিনি।হাসানুল হক ইনু বলেন, সামাজিক বৈষম্য রোধেও তথ্যপ্রযুক্তির উন্নয়ন দরকার। আর এতে ভূমিকা রাখতে পারে মোবাইল ফোন। মোবাইল ফোন কোম্পানির ওপর বিদ্যমান চার স্তরের কর-কাঠামো রয়েছে উল্লেখ করে হাসানুল হক বলেন, ‘এটি অস্বাভাবিক। তা দূর করতে অর্থমন্ত্রীসহ সবাই রাজি থাকলেও কোথায় যেন সবকিছু আটকে গেছে।’মোস্তফা ফারুক মোহাম্মদ বলেন, মোবাইল ফোন কোম্পানির কাছ থেকে এত বেশি কর নেওয়ার দরকার নেই। এই কোম্পানিগুলো থেকে কর কম নেওয়া হলে দীর্ঘ মেয়াদে তথ্যপ্রযুক্তি খাতের ওপর ইতিবাচক প্রভাব পড়বে, দেশের সাধারণ মানুষ লাভবান হবে।এস এ সামাদ বলেন, মোবাইল ফোন কোম্পানির ওপর করের হার বেশি। তবে উচ্চতর করহার হলেও আদায় কিন্তু নিম্নতর। নজরুল ইসলাম খান বলেন, উন্নত বাংলাদেশের ভবিষ্যৎ মোবাইল ফোনেই নিহিত।সুনীলকান্তি বোস বলেন, চ্যালেঞ্জ সত্ত্বেও দেশে টেলিযোগাযোগ খাতের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে।