রূপগঞ্জে অর্থনৈতিক অঞ্চল পাচ্ছে সিটি গ্রুপ
দেশে ভোগ্যপণ্য খাতের শীর্ষস্থানীয় ব্যবসায়িক গোষ্ঠী সিটি গ্রুপ একটি বেসরকারি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার অনুমতি পাচ্ছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় ৮১ একর জমির ওপর গড়ে উঠবে সিটি ইকোনমিক জোন নামের এই অর্থনৈতিক অঞ্চল।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আজ সোমবার সিটি ইকোনমিক জোনের প্রাক্-যোগ্যতা লাইসেন্স দেবে। লাইসেন্স পেলে সিটি গ্রুপ অর্থনৈতিক অঞ্চলটি প্রতিষ্ঠার কার্যক্রম শুরু করতে পারবে। পরে শর্ত পূরণ হলে চূড়ান্ত লাইসেন্স পাবে। চূড়ান্ত লাইসেন্স পাওয়ার পরই কেবল অর্থনৈতিক অঞ্চলের জমি ইজারা নিয়ে বিনিয়োগ করা যায়।
বেজা এখন পর্যন্ত বেসরকারি খাতে ১৩টি অর্থনৈতিক অঞ্চলের প্রাক্-যোগ্যতা লাইসেন্স দিয়েছে বেজা।
সিটি মোট তিনটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার অনুমতি চেয়ে আবেদন করেছিল। এর মধ্যে একটির অনুমতি দিতে যাচ্ছে বেজা। জানতে চাইলে সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী প্রথম আলোকে বলেন, সিটি দেশে একটি প্রতিষ্ঠিত শিল্পগোষ্ঠী। তাদের বিভিন্ন খাতে বিনিয়োগ আছে। এ কারণে তারা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সুযোগ পেতে যাচ্ছে। তিনি বলেন, সিটির যে অর্থনৈতিক অঞ্চলটির অনুমতি দেওয়া হবে, সেটি খুব আকর্ষণীয় জায়গায়। ঢাকার কাছে এবং যোগাযোগব্যবস্থাও ভালো। ফলে সেখানে বিনিয়োগ পেতে কষ্ট হবে না।
বেসরকারি খাতে এখন অনেক প্রতিষ্ঠানই অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করতে চায়।
সিটি গ্রুপের মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) বিশ্বজিৎ সাহা প্রথম আলোকে বলেন, এই অর্থনৈতিক অঞ্চলে দেশীয় বিনিয়োগের পাশাপাশি বিদেশি বিনিয়োগেরও সুযোগ থাকবে।