রূপসার কুটিরশিল্পে দুরবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার রূপসা উপজেলার কুটিরশিল্প কারখানাগুলো এখন হুমকির মুখে রয়েছে। প্রয়োজনীয় অর্থ ও কাঁচামালের অভাবে রূপসার ঐতিহ্যবাহী এই শিল্প সংকটে পড়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।এই অবস্থায় প্রয়োজনীয় সরকারি সহায়তা এবং চাহিদা অনুযায়ী পুঁজি ও কাঁচামালের জোগান পেলে শিল্পটিকে রক্ষা করার পাশাপাশি বহু লোকের কর্মসংস্থান ও এখানকার পণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা উপার্জন করা সম্ভব হতো বলে উদ্যোক্তা, ব্যবসায়ী ও কারিগরেরা দাবি করেন। সরেজমিনে খোঁজ নিতে গিয়ে জানা যায়, বহু বছর ধরেই রূপসার নৈহাটি ইউনিয়নের নেহালপুর গ্রামের প্রায় সবাই কোনো না কোনো কুটিরশিল্প পণ্য তৈরির সঙ্গে জড়িত রয়েছেন। যে কারণে এলাকাটিকে ‘মিস্ত্রিপাড়া’ বলে ডাকা হয়। এই গ্রামের শত শত নারী-পুরুষ নিজ নিজ বাড়িতে ছোট ছোট কারখানায় ক্রিকেট ব্যাট, ইট তৈরির ফর্মা (বাক্স), রিকশা-ভ্যানের প্যাড্ল, ছাতির বাঁট (কাঠের), কুড়াল, কোদাল, বঁটি, দা, কোরনের আছাড়, রুটি তৈরির বেলন-চাকি, বৃদ্ধদের ছড়ি, বাচ্চাদের খেলনা ঘোড়া, ঘুড়ির নাটাই ইত্যাদি তৈরির কাজে নিয়োজিত। এসব কারখানায় আরও কয়েক শ শ্রমিক মজুরি খেটে জীবিকা নির্বাহ করে আসছেন। এখানকার কুটিরশিল্প পণ্য একসময় ব্যাপকহারে সারা দেশে সরবরাহ করা হতো। এখনো অবশ্য রূপসার মিস্ত্রিপাড়ায় ঢুকলে ছোট্ট ছোট্ট ঘরে গড়ে তোলা কারখানা থেকে বৈদ্যুতিক মোটর ও হাতুড়ি-বাটালির খুটখাট শব্দ শোনা যায়। এসব কারখানায় কেউ কাঠ চেরাই, কেউ কাঠের ফ্রেমে নকশা আঁকা আবার কেউ বা রং করার কাজে ব্যস্ত থাকেন। কাঠ চেরাই করার সময় পিন্টু গোপাল দে বলেন, ‘আমাগের বাপ-দাদারা কাঠের কাজ করেছেন। আমরাও সেই পেশা ধরে আছি। কিন্তু এখন পুঁজি আর কাঠের অভাবে আমাগে টিকে থাকাই দায় হয়ে পড়েছে।’ওই গ্রামের সালাম মল্লিকও বলেন, ‘এখন পুঁজির অভাব ও গেওয়া কাঠ ব্যবহারের অনুমতি না থাকায় মাল তৈরিতে বেশি খরচ হচ্ছে। সে অনুযায়ী বিক্রি না হওয়ায় টিকোয়ে রাখা কঠিন হয়ে পড়েছে।’মিনতি রানী বলেন, ‘সংসারের সবাই মিলে কাঠের কাজ করেও এখন আমাগে সংসার চালানে কঠিন হয়ে পড়েছে। একদিকি গেওয়া কাঠ পাওয়ার সমস্যা, অন্যদিকি কিষেনের দিন ৩০০ টাকা। তাই আমারা বাঁচতিছিনে।’নেহালপুর গ্রামেরই বাসিন্দা বিদ্যুতের প্রকৌশলী সুখেন রায় বলেন, ‘আধুনিক প্রতিযোগিতার এই যুগে এসে একদিকে পুঁজির অভাব, অন্যদিকে সুন্দরবনের গেওয়া কাঠ পেতে সমস্যার কারণে এই পেশায় গ্রামবাসীর টিকে থাকাই দুরূহ হয়ে পড়েছে।’ নৈহাটি ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, ‘ঐতিহ্যবাহী এই ক্ষুদ্র কুটিরশিল্পকে টিকোয়ে রাখতে হলে সরকারি ঋণ সুবিধা ও সীমিত আকারে গেওয়া কাঠ পাওয়ার অনুমোদন দিতে হবে।’ খুলনা বিসিকের আঞ্চলিক পরিচালক শেখ খবির উদ্দিন জানান, খোঁজখবর নিয়ে তাদের সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হবে।স্থানীয় সাংসদ মোল্লা জালাল উদ্দিন বলেন, ‘ঐতিহ্যবাহী এই শিল্পে জড়িত ব্যক্তিরা যাতে ক্ষুদ্রঋণ ও গেওয়া কাঠ ব্যবহারের অনুমোদন পায় তার জন্য আমি চেষ্টা করব।’