রূপসী বাংলার পর্দা নামছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কারকাজের জন্য আজ সোমবার থেকে বন্ধ হয়ে যাচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের (বিএসএল) মালিকানাধীন রূপসী বাংলা হোটেল। সংস্কারকাজ শেষে ২০১৬ সালে নতুনরূপে ‘ইন্টারকন্টিনেন্টাল’ নামে এটির যাত্রা শুরু হবে। নতুনভাবে এর ব্যবস্থাপনার দায়িত্বে যুক্ত হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল। ৪৮ বছরের পুরোনো হোটেলটি এই প্রথমবারের মতো প্রায় দেড় বছরের জন্য বন্ধ হতে যাচ্ছে।
এদিকে সংস্কার চলাকালীন রূপসী বাংলা হোটেলের পাঁচ শতাধিক কর্মকর্তা-কর্মচারীর চাকরির নিশ্চয়তা প্রদান করল হোটেলটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। গতকাল রোববার বিকেলে হোটেল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব খুরশিদ আলম চৌধুরীর উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি শফি উদ্দিন ও সাধারণ সম্পাদক মোস্তফা গাজী এবং ব্যবস্থাপনার জন্য ইন্টারকন্টিনেন্টালের পক্ষ থেকে নিযুক্ত মহাব্যবস্থাপক জেমস পি ম্যাকডোনাল্ড এই চুক্তিতে স্বাক্ষর করেন। হোটেলের একটি সম্মেলনকক্ষে অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে এই চুক্তিটি স্বাক্ষর হয়। এ সময় হোটেলের কর্মকর্তা-কর্মচারীরা সেখানে উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় হোটেলটির ৫৩৮ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ৩০০ জনকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি), ১১৬ জনকে সংস্কার প্রকল্পে, ৭০ জনকে শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে যুক্ত করা হবে। বাকি ৫২ জনকে বিশ্বের বিভিন্ন দেশে ইন্টারকন্টিনেন্টাল গ্রুপের প্রতিষ্ঠানে প্রশিক্ষণের জন্য পাঠানোর অঙ্গীকার করেছে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
২০১২ সালে বিএসএলের সঙ্গে করা চুক্তির আওতায় এরই মধ্যে ইন্টারকন্টিনেন্টাল হোটেলটির ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছে। তবে নামফলকটিতে পরিবর্তন আসবে সংস্কারকাজ শেষে।
জানা গেছে, হোটেলটির সংস্কারকাজের জন্য সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪০০ কোটি টাকা। ব্যাংকঋণের মাধ্যমে বিএসএল এই অর্থের সংস্থান করবে। দীর্ঘদিন ধরেই এই হোটেলটি লাভজনকভাবে পরিচালিত হচ্ছে। ২০১০, ২০১১, ২০১২ ও ২০১৩ সালে এটির প্রকৃত মুনাফা ছিল যথাক্রমে সাড়ে ৩৪ কোটি, ৪০ কোটি, সাড়ে ৪৬ কোটি ও ১৯ কোটি টাকার বেশি।
প্রসঙ্গত, রাজধানীর শাহবাগে প্রায় সাড়ে চার একর জমির ওপর অবস্থিত এই হোটেলটি ১৯৬৬ সালে চালু হয়।