রূপান্তরযোগ্য শেয়ারের জন্য সুনির্দিষ্ট বিধান মানতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রূপান্তরযোগ্য বা কনভার্টেবল শেয়ার, ডিবেঞ্চার, বন্ড বা অন্য যেকোনো ধরনের সিকিউরিটিজ দুই বছরের আগে সাধারণ শেয়ারে রূপান্তর করা যাবে না। একই সঙ্গে এসব সিকিউরিটিজ ছাড়ার সময় এখন থেকে পুনঃ গণপ্রস্তাবের (আরপিও) দিকনির্দেশনা অনুসরণ করতে হবে।পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।এসইসির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, যেহেতু রূপান্তরযোগ্য সব ধরনের সিকিউরিটিজ একটি নির্ধারিত সময় পর সাধারণ শেয়ারে পরিণত হয়, সেহেতু এ ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট দিকনির্দেশনা থাকা উচিত। সেই বিবেচনাতেই নতুন এ দিকনির্দেশনা প্রণয়ন করা হয়েছে।জানা গেছে, এ দিকনির্দেশনা অনুযায়ী যেসব প্রতিষ্ঠান রূপান্তরযোগ্য সিকিউরিটিজ ছাড়তে চায়, তাদের ‘পাবলিক ইস্যু রুলস-২০০৬’ মেনে চলবে হবে। এ বিধির আওতায় সাধারণ বিনিয়োগকারী, বিদ্যমান শেয়ারধারী ও প্লেসমেন্টের জন্য আলাদাভাবে নির্ধারিত পরিমাণ শেয়ার বরাদ্দ রাখতে হবে। এ ক্ষেত্রে ৪০ শতাংশ সাধারণ বিনিয়োগকারী, ৪০ শতাংশ বিদ্যমান শেয়ারধারী ও বাকি ২০ শতাংশ প্রাইভেট প্লেসমেন্টের জন্য বরাদ্দ রাখার কথা বলা হয়েছে।এতে আরও বলা হয়েছে, আরপিওর দিকনির্দেশনার ভিত্তিতেই এসব সিকিউরিটিজের দাম বা প্রিমিয়াম মূল্য নির্ধারিত হবে।এসইসি সূত্র জানায়, সুনির্দিষ্ট নীতিমালা না থাকার সুযোগে সম্প্রতি বেশ কিছু কোম্পানি রূপান্তরযোগ্য অগ্রাধিকার বা প্রেফারেন্স শেয়ার ছাড়ার নামে অনৈতিক বাণিজ্যে জড়িয়ে পড়ে। এসব প্রতিষ্ঠানের কোনো কোনোটি নিজের ইচ্ছেমতো প্রিমিয়াম আদায় করেছে। এর মাধ্যমে তারা প্রত্যাশার চেয়ে বেশি টাকা বাজার থেকে তুলে নিয়েছে।অনেক প্রতিষ্ঠান মাত্র তিন থেকে ছয় মাসের মধ্যে রূপান্তরযোগ্য শেয়ার সাধারণ শেয়ারে রূপান্তর করেছে। আর সাধারণ বিনিয়োগকারীরা না বুঝে তাদের পাতা ফাঁদে পা দিয়েছেন। কাকে কীভাবে রূপান্তরযোগ্য প্রেফারেন্স শেয়ার বরাদ্দ দেওয়া হয়েছে তারও কোনো সঠিক হিসাব নেই। কিন্তু সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় এসবের বিরুদ্ধে উল্লেখযোগ্য কোনো ব্যবস্থাও নেওয়া যায়নি। এ রকম এক পরিস্থিতিতে নতুন দিকনির্দেশনা তৈরি করেছে এসইসি।এ দিকনির্দেশনা তৈরির আগে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের মাধ্যমে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মতামত সংগ্রহ করা হয়। দিকনির্দেশনা চূড়ান্ত করার সময় এসব মতামতকেও গুরুত্ব দেওয়া হয়েছে।এসইসি আশা করছে, এ দিকনির্দেশনার ফলে রূপান্তরযোগ্য শেয়ার বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে বাজারে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে।এসইসি বলছে, আরপিও নীতিমালা মেনে এখন থেকে যেকোনো কোম্পানিকে ইস্যু ব্যবস্থাপক প্রতিষ্ঠানের মাধ্যমে রূপান্তরযোগ্য শেয়ার বাজারে ছাড়তে হবে। বাকি সবকিছুই সাধারণ শেয়ারের গণপ্রস্তাবের নিয়মেই চলবে।তালিকাভুক্ত নয় এমন কোম্পানিও যদি রূপান্তরযোগ্য প্রেফারেন্স শেয়ার বা অন্য কোনো সিকিউরিটিজ ছাড়ার মাধ্যমে মূলধন বাড়াতে চায়, তাহলে তাদেরও ইস্যু ব্যবস্থাপকের শরণাপন্ন হতে হবে। শেয়ারের বিপরীতে আবেদনের টাকা বা চাঁদা গ্রহণের জন্য দিতে হবে নির্দিষ্ট সময়। আর বরাদ্দকৃত শেয়ারের বেশি আবেদন জমা পড়লে তা লটারির মাধ্যমে বণ্টন করতে হবে।