রূপালী ও ব্র্যাক ব্যাংক যৌথ এটিএম বুথ করবে
বেসরকারি ব্র্যাক ব্যাংক লিমিটেড রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংকের গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সুবিধা প্রদানের লক্ষ্যে একটি কো-ব্র্যান্ডেড এটিএম বুথ স্থাপন করতে যাচ্ছে। সরকারি-বেসরকারি ব্যাংকের মধ্যে এটি এ ধরনের অংশীদারির প্রথম উদ্যোগ।এ উপলক্ষে গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ এ. (রুমী) আলী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান এবং রূপালী ব্যাংকের চেয়ারম্যান আহমেদ আল-কবির ও ব্যবস্থাপনা পরিচালক মো. ফরিদ উদ্দিন। সংবাদ সম্মেলনে বলা হয়, এই প্রকল্পের আওতায় ব্র্যাক ব্যাংক কোনো ফি ছাড়াই রূপালী ব্যাংকের গ্রাহকদের জন্য দুই লাখ এটিএম কার্ড ইস্যু করবে। প্রকল্পটির প্রাথমিক পর্যায়ে রূপালী ব্যাংকের প্রস্তাবিত স্থানগুলোতে ব্র্যাক ব্যাংক ৫০টি এটিএম বুথ স্থাপন করে দেবে। এ ছাড়া দেশজুড়ে ব্র্যাক ব্যাংকের দুই শতাধিক এটিএম এবং অমনিবাস নেটওয়ার্কের আওতায় আরও সাত শতাধিক এটিএম বুথ ব্যবহার করতে পারবেন রূপালী ব্যাংকের গ্রাহকেরা। তাঁরা অমনিবাস নেটওয়ার্কের আওতায় যেকোনো পজ (পয়েন্ট অব সেলস্) মেশিনেও কার্ড চার্জ করে নিত্যপ্রয়োজনীয় কেনাকাটা করতে পারবেন।অনুষ্ঠানে মোহাম্মদ এ. (রুমী) আলী বলেন, ‘দেশের উন্নয়নে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের বিপুলসংখ্যক সাধারণ গ্রাহকের কাছে আধুনিক ব্যাংকিং তথা প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা পৌঁছে দিতে হবে, যা কিনা বাংলাদেশ ব্যাংকেরও অন্যতম লক্ষ্য। কিন্তু এই লক্ষ্য কারও একার পক্ষে অর্জন করা সম্ভব নয়। আর এখানেই আমাদের যাত্রা সবে শুরু।’আহমেদ আল-কবির বলেন, এই উদ্যোগ দেশের ব্যাংক খাতে একটি বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করবে। আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের এই নবযাত্রায় সহযোগী হওয়ার জন্য তিনি রূপালী ব্যাংকের পক্ষ থেকে ব্র্যাক ব্যাংককে আন্তরিক ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি।