রূপালী ব্যাংকও ৫০০ কোটি টাকার বন্ড চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালেহউদ্দিন আহমেদ
সালেহউদ্দিন আহমেদ

মূলধন ঘাটতি মেটাতে রূপালী ব্যাংকও সরকারের কাছে বন্ড চায়। ব্যাংকটি ৫০০ কোটি টাকার বন্ড চেয়েছে। রূপালী ব্যাংক এ বন্ডের নাম দিয়েছে ‘রূপালী ব্যাংক সাব-অর্ডিনেটেড বন্ড’। বন্ড ছাড়ার জন্য অর্থ মন্ত্রণালয়ে এ যাবৎ তিন দফা আবেদন করেছে রূপালী ব্যাংক।
কিন্তু কোনোবারই রূপালী ব্যাংকের এ আবেদনকে ইতিবাচকভাবে দেখেনি অর্থ মন্ত্রণালয়। বন্ড ছাড়তে অবশ্য সরকারকে কোনো টাকা খরচ করতে হবে না, শুধু গ্যারান্টি দিতে হবে। বেসিক ব্যাংকও মাঝখানে ২ হাজার ৬০০ কোটি টাকার বন্ড চেয়ে আবেদন করেছে।
সচিবালয়ে গতকাল সোমবার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ফজলুল হকের সভাপতিত্বে রূপালী ব্যাংকের বন্ড ছাড়ার বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বেসিক ব্যাংকের বিষয়েও আলোচনা হয়। বৈঠক সূত্রে জানা গেছে, সরকারের মনোভাব এ বিষয়ে ইতিবাচক হলেও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি গতকাল।
জানতে চাইলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমান বলেন, ‘বন্ড চেয়ে অনেকেই আবেদন করেছে। কী সিদ্ধান্ত নেওয়া হবে, এখনই বলা যাবে না।’
রূপালী ব্যাংক ৫০০ কোটি টাকার বন্ড চেয়ে অর্থ মন্ত্রণালয়ে প্রথম আবেদন করে ২০১৫ সালের জুনে। কোনো সাড়া না পেয়ে নয় মাস পর গত মার্চে আবার আবেদন করে রূপালী ব্যাংক। তাতেও কোনো সাড়া দেয়নি সরকার। ব্যাংকটি সম্প্রতি আবার একই আবেদন করেছে।
আবেদনে রূপালী ব্যাংক বলেছে, বন্ডের আকার হবে ৫০০ কোটি টাকা, আর মেয়াদ হবে সাত বছর। তবে সুদের হার নির্ধারণ করা থাকবে না। সুদের হারের বিষয়ে বাংলাদেশ ব্যাংক যা বলবে, তাই মেনে নেবে রূপালী ব্যাংক।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বন্ডের দাবিতে প্রথমবার আবেদনের সময় রূপালী ব্যাংকের মূলধন ঘাটতি ছিল ৫০০ কোটি টাকার কম। এক বছরের ব্যবধানে বর্তমানে (গত জুন পর্যন্ত) ব্যাংকটির মূলধন ঘাটতি দ্বিগুণ ছাড়িয়ে হয়েছে ১ হাজার ৫২ কোটি টাকা। তবে মূলধন ঘাটতি বাড়লেও ব্যাংকটির বন্ডের আবেদন ৫০০ কোটি টাকাই রয়েছে।
জানতে চাইলে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান প্রথম আলোকে বলেন, ‘আপাতত আমরা ৫০০ কোটি টাকারই বন্ড চাচ্ছি।’
অন্য ব্যাংকের মতো রূপালী ব্যাংককেও আগামী ২০১৯ সালের মধ্যে ব্যাসেল-৩ নীতিমালা পরিপালন করতে হবে। ব্যাসেল-৩ হচ্ছে ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততা ও তারল্য ঝুঁকি নিরসনে একটি বৈশ্বিক স্বেচ্ছাসেবী নিয়ন্ত্রক কাঠামো। বিশ্বের সব দেশের ব্যাংক খাতই এর নিয়মকানুন অনুসরণ করে থাকে।
রূপালী ব্যাংক অর্থ মন্ত্রণালয়কে জানায়, এই সময়ের মধ্যে ব্যাংকের ন্যূনতম মূলধন ১০ শতাংশ থেকে পর্যায়ক্রমে বাড়িয়ে ১২ দশমিক ৫০ শতাংশে উন্নীত করতে হবে। মোট ঋণসুবিধার তুলনায় উদ্যোক্তা মূলধনের অনুপাতও (লিভারেজ রেশিও) রাখতে হবে ৩ শতাংশ।
বন্ড চাওয়ার যুক্তি হিসেবে রূপালী ব্যাংক অর্থ মন্ত্রণালয়কে জানায়, ব্যাংকের মূলধন ঘাটতি থাকায় বৈদেশিক বাণিজ্য ঠিকমতো করা যাচ্ছে না। ব্যাংকের স্বাভাবিক আয় থেকে এ মূলধন ঘাটতি সহসা পূরণ করা সম্ভব নয় বলেও আশঙ্কা রয়েছে।
তবে নিষ্ঠার সঙ্গে খেলাপি ঋণ আদায়, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে ঋণ দেওয়া, দক্ষ পরিচালনা ও ব্যবস্থাপনার মাধ্যমে ব্যাংক চললে বন্ড ছেড়ে অর্থ সংগ্রহের দরকার পড়ত না বলে মনে করেন বিশেষজ্ঞরা।
জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ এ বিষয়ে বলেন, ‘ব্যাংক খাত ঠিকমতো চললে বন্ড চেয়ে এমন আবেদন আসত না। তবে সরকার যদি বন্ড ছাড়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়ও, বিবেচনায় রাখতে হবে পাছে না জনগণের স্বার্থ ক্ষুণ্ন হয়।’
রূপালী ব্যাংকের ৫৬০টি শাখার মধ্যে গত জুন শেষে লোকসানি শাখা দাঁড়িয়েছে ১২৬টিতে। অথচ গত ডিসেম্বরেই ব্যাংকটির লোকসানি শাখা ছিল মাত্র ১০টি। এ ছাড়া রূপালী ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ গত জুনে দাঁড়িয়েছে ২ হাজার ৩৬০ কোটি টাকা, যা গত ডিসেম্বরে ছিল ১ হাজার ৫৪৯ কোটি টাকা।