রাষ্ট্রীয় খাতের রূপালী ব্যাংকে সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক খলিলুর রহমান চৌধুরীকে প্রধান করে গঠিত পাঁচ সদস্যের এই কমিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে প্রতিবেদন জমা দেবে। এ ছাড়া ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্দেশে বিষয়টি অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংককে অবহিত করা হয়েছে। কমিটির রিপোর্টের ভিত্তিতে এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়নের (সিবিএ) কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশ করায় দৈনিক বর্তমান-এর জ্যেষ্ঠ প্রতিবেদক আহমেদ তোফায়েলকে গত বৃহস্পতিবার ব্যাংকের সিবিএ কার্যালয়ে আটকে রেখে মারধর করা হয়। এ নিয়ে পরপর দুই দিন সংবাদপত্রে প্রতিবেদন হয়েছে। গতকাল ব্যাংক বিষয়ে সংবাদ সংগ্রহ ও প্রতিবেদন তৈরি করে এমন ২৭ জন সাংবাদিক ব্যাংকের এমডি ফরিদ উদ্দিনের কাছে গিয়ে ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পরে ব্যাংকের পর্ষদের মতামতে এ তদন্ত কমিটি হয় বলে জানা গেছে।
নিজস্ব প্রতিবেদক