রূপালী ব্যাংকে বেপরোয়া সিবিএ
রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংকে এবার স্থানীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক (জিএম) ও উপমহাব্যবস্থাপককে (ডিজিএম) লাঞ্ছিত করেছে ব্যাংকটির কর্মচারী ইউনিয়নের (সিবিএ) নেতারা। সিবিএর নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদকের স্থানীয় শাখায় যোগদানের প্রতিবাদে তাঁদের লাঞ্ছিত করে মোস্তাক-কাবিল নেতৃত্বাধীন গ্রুপটি।
আজ সোমবার নিজ কক্ষ থেকে তাঁদের টেনে হিঁচড়ে বের করে নির্বাচিত সাধারণ সম্পাদকের নাম হাজিরা তালিকা থেকে মুছে ফেলে অনুস্বাক্ষর করতে বাধ্য করা হয়। এ ঘটনায় রূপালী ব্যাংক কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
এর আগেও একই পক্ষের দ্বারা ব্যাংকটির কর্মকর্তা ও সাংবাদিকদের লাঞ্ছিত হতে হয়েছে, তবে সেসব ঘটনার কোনো বিচার হয়নি। সোমবারের ঘটনায় ব্যবস্থাপনা পরিচালকের কাছে লিখিত অভিযোগ করেছেন ব্যাংকটির স্থানীয় শাখার ব্যবস্থাপক।
যোগাযোগ করা হলে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আতাউর রহমান প্রধান বলেন, ‘ব্যাংকে কোনো ধরনের অনিয়ম, বিশৃঙ্খলা সহ্য করা হবে না। ঘটনা শুনেছি, তবে লিখিত অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। একজন ডিএমডিকে প্রধান করে তদন্ত করা হবে। ব্যাংকে এসব চলতে পারে না।’
এ বিষয়ে সিবিএ সাধারণ সম্পাদক কাবিল হোসেন কাজী প্রথম আলোকে বলেন, ‘আমি সিবিএ নেতা। আমিতো পুরো ব্যাংকেই থাকি। এ ঘটনার সময়ও ছিলাম।’ এ কথা বলে ফোন কেটে দেন। পরে আর ফোন ধরেননি তিনি।