রূপালী ব্যাংকের সব শাখার কার্যক্রম অনলাইনে
রূপালী ব্যাংকের সব শাখার সব ধরনের সেবা কার্যক্রমকে অনলাইনের আওতায় আনা হয়েছে। রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে রূপালী ব্যাংকই প্রথম সব ধরনের সেবা অনলাইনের আওতায় এনেছে। গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে রূপালী ব্যাংকের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
রূপালী ব্যাংকের মোট ৫৬৩ শাখার মধ্যে যেমন রয়েছে বিদ্যুৎবিহীন শাখা, তেমন রয়েছে রাজধানীর লোকাল শাখার মতো বড় শাখাও। এর ফলে ব্যাংকটির যেকোনো শাখার কার্যক্রম অনলাইনের মাধ্যমে অন্য শাখা থেকে সম্পন্ন করা যাবে। পাশাপাশি ঋণ ও আমানতের সর্বশেষ অবস্থাও জানা যাবে।
সংবাদ সম্মেলনে ব্যাংকটির চেয়ারম্যান মনজুর হোসেন বলেন, এখন ব্যাংকটির শুধু সামনের দিকে এগিয়ে যাওয়ার পালা। সব সেবা অনলাইনে নিয়ে আসার ফলে সহজেই বোঝা যাবে, কোথাও কোনো গলদ আছে কি না। তবে অনলাইন ব্যাংকিংয়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা থাকতে হবে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান বলেন, ‘সরকারি ব্যাংক হিসেবে আমাদের সীমাবদ্ধতা আছে। আমরা এসব সীমাবদ্ধতা উত্তরণ করে সামনে এগিয়ে যেতে চাই। আমরা সবে শুরু করেছি, এখন সেবার মান ধরে রেখে সামনে এগিয়ে যাওয়ার পালা।’
অনুষ্ঠানে জানানো হয়, রূপালী ব্যাংকের হিসাবধারীরা দেশের যেকোনো শাখায় বসে লেনদেন করতে পারবেন। আর প্রতিটি শাখার সারা দিনের হিসাব সন্ধ্যার মধ্যে চলে আসবে প্রধান কার্যালয়ে, যা নিশ্চিত করবে ব্যাংকটির কার্যক্রমের শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহি।