রূপালী ব্যাংকের ৮টি এটিএম বুথ উদ্বোধন
রূপালী ব্যাংক-ব্র্যাক ব্যাংক কো-ব্র্যান্ডেড আটটি এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে। এসব এটিএম বুথ থেকে রূপালী ব্যাংকের গ্রাহকেরা প্রতিবার সর্বোচ্চ ২০ হাজার এবং প্রত্যহ সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন।রাজধানীর একটি হোটেলে গতকাল সোমবার এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী প্রধান অতিথি হিসেবে এটিএম বুথগুলোর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফরিদ উদ্দিন সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মধ্যে রূপালী ব্যাংকের চেয়ারম্যান আহমদ আল কবির, উপব্যবস্থাপনা পরিচালক শেখ আহমদ, ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ এ (রুমী) আলীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, রূপালী ব্যাংক-ব্র্যাক ব্যাংক কো-ব্র্যান্ডেড চুক্তি অনুযায়ী এ বছরই উল্লিখিত আটটিসহ ৫০টি এটিএম বুথ চালু করা হবে। অমনিবাস নেটওয়ার্কের আওতায় এসব এটিএম বুথ চালু করা হয়েছে। বর্তমানে অমনিবাসের অধীনে রূপালী ব্যাংকসহ ৩০টি ব্যাংকের মোট ৯০২টি বুথ চালু রয়েছে। বিজ্ঞপ্তি।