রেইনট্রি-আপনের মালিকদের তথ্য চেয়ে ব্যাংকে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোচিত রেইনট্রি হোটেল ও আপন জুয়েলার্সের মালিকদের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্প্রতি ব্যাংকগুলোতে পাঠানো পৃথক চিঠিতে ২০০৯ সাল থেকে তাঁদের ব্যাংক হিসাবের হালনাগাদ তথ্য চাওয়া হয়েছে।

যাদের হিসাব চাওয়া হয়েছে তাদের মধ্যে আছেন রেইনট্রি হোটেলের পরিচালক ও সাংসদ বজলুল হক হারুনের স্ত্রী মনিরা হারুন, অপর পরিচালক ও সাংসদের ছেলে নাহিয়ান হারুন। এ ছাড়া আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের হিসাবের তথ্যও চাওয়া হয়েছে। ব্যাংক হিসাবের পাশাপাশি তাঁদের ক্রেডিট কার্ড, সঞ্চয়পত্র, বৈদেশিক মুদ্রার হিসাব ও স্থায়ী আমানতেরও তথ্য চেয়েছে এনবিআর।

গত ২৮ মার্চ বনানীর রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে ৬ মে বনানী থানায় মামলা হয়। ধর্ষণের শিকার এক ছাত্রী এই পাঁচজনকে আসামি করে মামলা করেন। এই পাঁচজন হলেন আপন জুয়েলার্সের অন্যতম মালিক দিলদার আহমেদের ছেলে শাফাত আহমেদ, তাঁর দুই বন্ধু নাঈম আশরাফ ও সাদমান সাকিফ এবং শাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলী।

শাফাত আহমেদ ও তাঁর সাদমান সাকিফকে সিলেট থেকে গ্রেপ্তার করে পুলিশ। নাঈম আশরাফকে মুন্সিগঞ্জ থেকে এবং রহমত আলী ও বিল্লাল হোসেনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। ৮ জুন এই পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। মামলাটি তদন্তের দায়িত্বে থাকা পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারের পক্ষ থেকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্রটি জমা দেওয়া হয়।