রেইসের ব্যবস্থাপনাধীন বেশির ভাগ মিউচুয়াল ফান্ডের মুনাফা কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) রেইসের ব্যবস্থাপনাধীন বেশির ভাগ মিউচুয়াল ফান্ডের মুনাফা কমেছে। সম্প্রতি রেইসের ব্যবস্থাপনাধীন নয়টি তহবিলের অনিরীক্ষিত যে আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, তা থেকে এই তথ্য পাওয়া গেছে।যেসব মিউচুয়াল ফান্ড বা তহবিলের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, সেগুলো হলো: পিএইচপি মিউচুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক প্রথম মিউচুয়াল ফান্ড, পপুলার লাইফ প্রথম মিউচুয়াল ফান্ড, আইএফআইসি প্রথম মিউচুয়াল ফান্ড, প্রথম জনতা মিউচুয়াল ফান্ড, ইবিএল প্রথম মিউচুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, এবি ব্যাংক প্রথম মিউচুয়াল ফান্ড ও প্রথম বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড।প্রাপ্ত তথ্য অনুযায়ী, উল্লিখিত ফান্ড বা তহবিলগুলোর প্রথম সাতটির মধ্যে চারটির মুনাফা গত বছরের একই সময়ের চেয়ে কমেছে। দুটির মুনাফা অপরিবর্তিত রয়েছে আর একটির বেড়েছে। অপর দুটি তহবিলের মেয়াদ অল্পদিনের হওয়ায় সেই দুটির মুনাফার তুলনামূলক চিত্র পাওয়া যায়নি।তবে শেয়ারবাজারে তালিকাভুক্ত অন্য মিউচুয়াল ফান্ডগুলো এখনো তাদের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ না করায় মুনাফার বিষয়টি জানা যায়নি। এ কারণে ওই সব ফান্ডের বিষয়টি এই প্রতিবেদনে আসেনি।এদিকে বেশির ভাগ ফান্ডের মুনাফা কমার কারণ হিসেবে সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান রেইস বলছে, ‘শেয়ারবাজারে পতনের কারণেই কয়েকটি তহবিলের মুনাফা কমে গেছে। তবে বাজারে তালিকাভুক্ত অন্য যেকোনো তহবিলের তুলনায় রেইসের ব্যবস্থাপনাধীন প্রতিটি তহবিলের আর্থিক অবস্থা অনেক শক্তিশালী।’প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ট্রাস্ট ব্যাংক প্রথম মিউচুয়াল ফান্ডের প্রকৃত মুনাফা (নেট প্রফিট) দাঁড়িয়েছে প্রায় দুই কোটি ৭৫ লাখ টাকা। সেই হিসাবে ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা দাঁড়িয়েছে ১৪ পয়সা। ২০১১ সালের একই সময়ে তহবিলটির প্রকৃত মুনাফা ছিল প্রায় সাড়ে ছয় কোটি টাকা। সেই সঙ্গে ইউনিটপ্রতি মুনাফা ছিল ৩৩ পয়সা।সেই হিসাবে গতবছরের প্রথম প্রান্তিকের চেয়ে এ বছরের প্রথম প্রান্তিক শেষে তহবিলটির মুনাফা প্রায় পৌনে চার কোটি টাকা কমে গেছে। ইউনিটপ্রতি মুনাফা কমেছে প্রায় ১৯ পয়সা। তবে এই সময়ের মধ্যে তহবিলটির ইউনিটধারীদের মধ্যে পাঁচ শতাংশ হারে নগদ লভ্যাংশ বিতরণ করা হয়।একইভাবে মুনাফা কমেছে প্রথম জনতা, ইবিএল প্রথম ও ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ডের। এর মধ্যে প্রথম জনতা মিউচুয়াল ফান্ডের মুনাফা গত বছরের চেয়ে প্রায় ৮৮ লাখ টাকা, ইবিএল প্রথম মিউচুয়াল ফান্ডের প্রায় তিন কোটি ৫৯ কোটি টাকা এবং ইবিএল এনআরবি ফান্ডের মুনাফা প্রায় ৮৬ লাখ টাকা কমে গেছে। এই সময়ের মধ্যে অবশ্য ইবিএল প্রথম মিউচুয়াল ফান্ডের ইউনিটধারীদের মধ্যে ১০ শতাংশ হারে লভ্যাংশ বিতরণ করা হয়।তবে পাঁচ শতাংশ হারে লভ্যাংশ বিতরণের পরও মুনাফা বেড়েছে আইএফআইসি প্রথম মিউচুয়াল ফান্ডের। গত অর্থবছরের প্রথম প্রান্তিক শেষে এই তহবিলটির মুনাফার পরিমাণ ছিল প্রায় এক কোটি ৬৮ লাখ টাকা। এ বছর প্রথম প্রান্তিক শেষে তা বেড়ে দাঁড়িয়েছে দুই কোটি ৬১ লাখ টাকা। এ ছাড়া মুনাফা স্থিতিশীল রয়েছে পপুলার প্রথম ও পিএইচপি মিউচুয়াল ফান্ডের। চলতি বছরের প্রথম প্রান্তিক শেষে এই দুটি তহবিলের ইউনিটপ্রতি মুনাফা যথাক্রমে ১৩ ও ১১ পয়সা।এর বাইরে সদ্য বাজারে আসা এবি ব্যাংক প্রথম ও প্রথম বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের মুনাফা দেখানো হয়েছে যথাক্রমে দুই কোটি ৭৩ লাখ টাকা ও ১০ কোটি ৬২ লাখ টাকা।যোগাযোগ করা হলে সম্পদ ব্যবস্থাপক রেইস অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মোহাম্মদ শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বাজার যখন অতি চাঙ্গা অবস্থায় ছিল, তখন আমাদের অনেকগুলো ফান্ড বাজারে এসেছে। এরপর বাজারে বড় ধরনের ধস নামে, তার মধ্যেও দক্ষ ব্যবস্থাপনার কারণে আমরা অপেক্ষাকৃত অনেক কম লোকসান দিয়েছি। তবে তহবিলের বিনিয়োগ-সংক্রান্ত কোনো আইনি বাধ্যবাধকতা না থাকলে হয়তো আরও ভালো অবস্থায় থাকতাম। বাজারের সামগ্রিক অবস্থার কারণে তালিকাভুক্ত অনেক ফান্ডের ইউনিটধারীদের কোনো ধরনের লভ্যাংশ দিতে পারেনি সম্পদ ব্যবস্থাপকেরা, কিন্তু আমরা লভ্যাংশ দিয়েছি।’শরিফুল ইসলাম আরও বলেন, ‘বাজারের অন্যান্য যেকোনো ফান্ডের চেয়ে এখনো আমাদের ফান্ডের আর্থিক ভিত্তি অনেক শক্তিশালী।’রেইসের ব্যবস্থাপনায় বর্তমানে ১০টি মিউচুয়াল ফান্ড রয়েছে। এর মধ্যে নয়টি শেয়ারবাজারে তালিকাভুক্ত আর একটি ফান্ড তালিকাভুক্তির প্রক্রিয়ায় রয়েছে।