রেকর্ড উচ্চতায় ডিএসইর সূচক ও বাজার মূলধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চার সূচকে রেকর্ড হয়েছে। গতকাল মঙ্গলবার দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স, বাজার মূলধন, বাছাই কোম্পানির সমন্বয়ে গঠিত সূচক ডিএস-৩০ এবং শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস রেকর্ড উচ্চতায় উঠেছে।
লেনদেন শেষে গতকাল ডিএসইএক্স সূচকটি আগের দিনের চেয়ে প্রায় ৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৭৭ পয়েন্টে। ২০১৩ সালের ২৭ জানুয়ারি এই সূচকটি চালু হওয়ার পর গতকালই সর্বোচ্চ অবস্থানে উঠেছে। ভুলে ভরা ডিএসইর সাধারণ সূচকের বদলে ২০১৩ সালে ডাউ জোনসের সহায়তায় নতুন এ সূচক চালু করা হয়। এরপর থেকে এটিই ডিএসইর প্রধান সূচক হিসেবে বিবেচিত। ৪ হাজার ৫৬ পয়েন্ট দিয়ে যাত্রা শুরু হওয়া এ সূচক গণনায় ডিএসইতে তালিকাভুক্ত ২৬৩ কোম্পানিকে হিসাবে ধরা হয়।
রেকর্ড হয়েছে বাছাই করা ৩০ কোম্পানির সমন্বয়ে গঠিত ডিএস-৩০ সূচকটিও। গতকাল দিন শেষে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২ হাজার ১৪৪ পয়েন্টে। ১ হাজার ৪৬০ পয়েন্টের অবস্থান দিয়ে ২০১৩ সালের ২৭ জানুয়ারি থেকে এ সূচকের যাত্রা শুরু হয়। এরপর গতকাল সেটি সর্বোচ্চ অবস্থানে উঠেছে।
ডিএসইর বাজার মূলধন গতকাল লেনদেন শেষে বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৮৪ হাজার ৭৪৯ কোটি টাকায়। তালিকাভুক্ত বেশির ভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মূল্যবৃদ্ধির ফলে বাজার মূলধনেও ইতিবাচক প্রভাব পড়ে। ডিএসই-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাজার মূলধন হিসাব করার ক্ষেত্রে তালিকাভুক্ত ২৯৬টি কোম্পানি, ৩৫টি মিউচুয়াল ফান্ড, ৮টি ডিবেঞ্চার, ২২১টি সরকারি ট্রেজারি বন্ড ও ২টি করপোরেট বন্ডকে বিবেচনায় ধরা হয়। যেহেতু বর্তমান বাজারে ডিবেঞ্চার ও সরকারি ট্রেজারি বন্ডের নিয়মিত কোনো লেনদেন নেই, তাই বাজার মূলধনের উত্থান-পতনে এসব বন্ডের প্রভাবও নেই।
রেকর্ড হয়েছে ডিএসইতে তালিকাভুক্ত শরিয়াহভিত্তিক কোম্পানির সমন্বয়ে গঠিত ডিএসইএস সূচকেও। গতকাল দিন শেষে এ সূচক আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩২৪ পয়েন্টে। ২০১৪ সালের ২০ জানুয়ারি ৯৪১ পয়েন্ট দিয়ে যাত্রা শুরু হওয়া এ সূচকের অবস্থান গতকাল দিন শেষে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।
সাইবার নিরাপত্তা নিয়ে সভা
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সহায়তায় গতকাল ‘সাইবার নিরাপত্তা: ব্যবসার অপরিহার্যতা’ শীর্ষক এক সভার আয়োজন করা হয়। ইনফরমেশন সিস্টেমস সিকিউরিটি অ্যাসোসিয়েশন, ইন্টারন্যাশনাল (আইএসএসএ) বাংলাদেশ চ্যাপটার এ সভার আয়োজন করে। রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির নিজস্ব ভবনে আয়োজিত এ সভার উদ্বোধন করেন বিএসইসির চেয়ারম্যান এম খাইরুল হোসেন।
অনুষ্ঠানে সাইবার নিরাপত্তাবিষয়ক ধারণাপত্র উপস্থাপন করেন আইএসএসএ বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি মারুফ আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে বিএসইসির তিন কমিশনারসহ বিএসইসি ও শেয়ারবাজারের সঙ্গে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।